দুই সংসদ সদস্যের বিরুদ্ধে নৌমন্ত্রীর পাল্টা অভিযোগ
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, সরকারি দলের দুজন সাংসদ তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করায় তাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। নিজেদের দোষ আড়াল করার জন্য নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন।’ গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ বাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করে সংগঠনগুলোকে সুশৃঙ্খলভাবে নীতিমালার ভিত্তিতে পরিচালনার জন্য যোগাযোগমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটি পরিবহনের সঙ্গে জড়িত সংগঠনগুলোকে সার্ভিস চার্জ নেওয়ার জন্য সুপারিশ করেছিল। কিন্তু এটা তাঁরা (সংসদ সদস্য ওমর ফারুক ও গোলাম মাওলা রনি) বন্ধ করে দিয়েছেন। তিনি আরও বলেন, গোলাম মাওলা রনি নদী দখল করে টিআরের চাল দিয়ে ব্যক্তিস্বার্থে দেয়াল নির্মাণ করেছিলেন। টাস্কফোর্স কমিটি দেয়াল নির্মাণ বন্ধের সুপারিশ করায় তা বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে ওমর ফারুক চৌধুরী নিজে চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের আগে ১৫০ টাকার স্ট্যাম্পে সই নেওয়ার সিদ্ধান্ত নিলে শ্রমিকেরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা আছে মনে করে তাঁরা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেছেন। সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে তিনি এ মতবিনিময় সভা করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিশ্চিন্ত কুমার পোদ্দার, আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসানসহ বাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা।