দুই সংস্থার নিয়মের ফাঁদে ১০ কোটি টাকার পৌরকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছ থেকে পৌরকর বাবদ প্রায় সাড়ে ১০ কোটি টাকা আদায় করতে পারছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। চউকের অধ্যাদেশের একটি ধারার কারণে কর পরিশোধ করছে না সংস্থাটি।
চউক অধ্যাদেশের ৪৫(১) ধারার অনুবলে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে বার্ষিক ২ শতাংশ হারে পৌরকর পাওয়ার কথা চউকের। কিন্তু করপোরেশনের আইনে এ ধরনের কোনো নির্দেশনা নেই।
এ প্রসঙ্গে প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘পৌরকর বিষয়ে চউকের অধ্যাদেশে এ ধরনের নির্দেশনা থাকলেও করপোরেশনের আইনে এ রকম কিছু নেই। তাই পৌরকর পরিশোধের জন্য প্রতিবছর চউককে চিঠি দিয়ে যাচ্ছি। কিন্তু কর পরিশোধ করছে না সংস্থাটি।’
করপোরেশন সূত্রমতে, বিষয়টি সমাধানের জন্য দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করলেও কোনো ফল আসেনি। এতে প্রতিবছরই চউকের কাছে করপোরেশনের পাওনার পরিমাণ বাড়ছে।
করপোরেশনের রাজস্ব বিভাগের হিসাব অনুযায়ী, ২০০৩-০৪ অর্থবছর পর্যন্ত চউকের কাছে করপোরেশনের পাওনা ছিল পাঁচ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৯৭৩ টাকা। ২০০৮-০৯ অর্থবছরে এর পরিমাণ দাঁড়ায় সাত কোটি ৮২ লাখ টাকা। চলতি অর্থবছরের (২০১৩-১৪) অক্টোবর পর্যন্ত চউকের কাছে করপোরেশনের পাওনা ১০ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৩৪৪ টাকা।
এদিকে ২০১২-১৩ অর্থবছরে পাওনা ছিল নয় কোটি ৯৩ লাখ টাকা। যা করপোরেশনের সংশোধিত বাজেটের ২ দশমিক ৪৬ শতাংশ। ওই অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৪২৫ কোটি ৫২ লাখ দুই হাজার টাকার।
প্রসঙ্গত, করপোরেশনের কর হচ্ছে প্রধান আয়ের খাত। এ খাতে ২০১২-১৩ অর্থবছরে করপোরেশনের আয় হয়েছে ২৬৮ কোটি ১৯ লাখ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘করপোরেশন আইন ও চউকের অধ্যাদেশে পৌরকর আদায় নিয়ে ভিন্ন নির্দেশনা রয়েছে। এ জন্য দীর্ঘদিন চেষ্টার পরও চউকের কাছ থেকে পাওনা আদায় করা সম্ভব হচ্ছে না।’
এদিকে ২০০৯ সালে করপোরেশনের পাওনা অর্থ আদায়ের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি ওই সময় চউকের চেয়ারম্যান আবদুচ ছালামের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে এতেও কোনো সুরাহা হয়নি।
চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘চউকের কাছে করপোরেশনের পাওনা আছে এটা যেমন ঠিক, তেমনি করপোরেশনের কাছেও চউকের পাওনা আছে। এটি অনেক দিনের হিসাব।’ তিনি বলেন, ‘উভয় সংস্থা বসে বিষয়টির সমাধান করবে।’