দুই সচিব ও ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশ না মানায় স্বাস্থ্যসচিব, সড়ক বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রুল দেন। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানো নোটিশের জবাব দিতে হবে।

মামলার বিবরণে জানা যায়, একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের এ বেঞ্চ রুলসহ কয়েকটি নির্দেশনা দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, দেশের সব হাসপাতালকে গুরুতর আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দিতে হবে। এ ছাড়া জাতীয় সড়ক নিরাপত্তাসংক্রান্ত কর্মপরিকল্পনা ২০১৪-১৬ অনুসারে রাষ্ট্রের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে। একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসা পেতে বাধা পেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোথায় অভিযোগ করবেন, সে বিষয়ে নীতিমালা তৈরি ও এ বিষয়ে গণমাধ্যমে সচেতনতা সৃষ্টিতে নির্দেশ দেন আদালত।

আদালতের নির্দেশনা অনুসারে ১৯ মে বিবাদীদের প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওই দিন তাঁরা এক সপ্তাহ সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। ৩০ মে রাষ্ট্রপক্ষ আরও এক সপ্তাহ সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। তারপরও নির্ধারিত সময়ে প্রতিবেদন দেওয়া হয়নি। এরপর গতকাল আদালত অবমাননার রুল দেন।

আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন, অনিতা গাজী রহমান, রাশনা ইমাম, এস এম রেজাউল করিম ও শারমিন আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সৈয়দ সাইফুদ্দিন কামাল নামের এক ব্যক্তি জনস্বার্থে এ রিট আবেদনটি করে। ব্লাস্ট জানায়, গত ২১ জানুয়ারি আরাফাত নামের একজন বাস-কর্মচারী বাসে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে নিকটস্থ তিনটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে পুলিশের সাহায্য নিয়ে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এরপর জরুরি চিকিৎসাসেবা দিতে বিভিন্ন হাসপাতালের অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে রিট আবেদনটি করা হয়।