অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে ১২ ডিসেম্বর সকাল নয়টায় আদালতে হাজির হতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে তাঁদের হাজির হওয়া নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই দুই সচিবকে হাজির হতে বলেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দুই সচিবকে ১২ ডিসেম্বর হাজির করতে বলা হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলার বিধিমালার গেজেট প্রকাশিত হওয়ার ব্যাপারে জানতে চেয়ে তাঁদের ডেকেছেন।
গেজেট আকারে বিধিমালা প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ ১ ডিসেম্বর আপিল বিভাগ এক সপ্তাহ সময় দিয়ে ৮ ডিসেম্বর দিন রেখেছিলেন। গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল দুই সপ্তাহের সময়ের আবেদন জানান। পরে আদালত দুই সচিবকে সোমবার হাজির করার জন্য অ্যাটর্নি জেনারেলকে বলেন। আদালত ওই দিন পর্যন্ত শুনানি মুলতবি করেন।
পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বিধিমালার সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।