দুই সচিবসহ সাত কর্মকর্তাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কক্সবাজারে পাহাড় কাটার কারণ জানতে চেয়ে ভূমি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে গত বুধবার আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত দুই সচিব ছাড়া পাঁচ কর্মকর্তারা হলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি।
বেলার আইনজীবী ইকবাল কবির বলেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে। তা ছাড়া ২৮ আগস্ট সরেজমিনে পাহাড় কাটার দৃশ্য দেখতে ঢাকা থেকে বেলার একটি দল কক্সবাজার যাবেন।
নোটিশে বলা হয়েছে, কক্সবাজার সদর উপজেলায় ছোট-বড় বেশ কয়েকটি পাহাড় রয়েছে। সমপ্রতি সদর উপজেলাধীন ঝিলংজা মৌজায় অবস্থিত ২০০ ফুট উঁচু পাহাড়সহ একাধিক পাহাড় কেটে সৈকতপারে নির্মিতব্য ক্রিকেট স্টেডিয়ামের মাঠ ভরাট করা হচ্ছে। পাহাড় কাটার জন্য ভারী এস্কাভেটরও ব্যবহার করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, গতকাল পর্যন্ত তিনি বেলার কোনো নোটিশ পাননি। তিনি বলেন, কক্সবাজারের পাহাড় কাটা বন্ধ করার জন্য তিনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন। ইতিমধ্যে ৭১ জন দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথকভাবে ১৪টি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।