দুই সচিবসহ ১২ জনের নামে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় সংরক্ষিত বনের ভেতর ইটভাটা তৈরির কারণ জানতে চেয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ ১২ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার বেলার আইনজীবী ইকবাল কবির রেজিস্ট্রি করা ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ইটভাটা তৈরি কারণ ব্যাখ্যা করে জবাব না দিলে আইনানুগ ব্যবস্থার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত অপর ১১ জন হলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক, কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর), চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়ার ফাঁসিয়াখালী বনের বিট কর্মকর্তা এবং ইটভাটা তৈরির হোতা চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী।নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ইটভাটা প্রতিষ্ঠিত হলে এলাকার বনভূমি ও বৃক্ষরাজির ব্যাপক ক্ষতি হবে এবং ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ। ওই ভাটা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতিও নেওয়া হয়নি। বেলার চট্টগ্রাম প্রতিনিধি এম হাসান নোটিশ প্রেরণ ও চকরিয়ার ইটভাটা পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে বেলা অবৈধ ওই ইটভাটা বন্ধের ব্যবস্থা নিচ্ছে। ৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘সংরক্ষিত বনের ভেতর আ.লীগ নেতার ইটভাটা’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।