ভোটকেন্দ্র দখলের গুজবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে তিনজন প্রার্থী হন। গতকাল ভোট গ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে গুজব রটে, একজন প্রার্থীর সমর্থকেরা জারারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দখল করে ব্যালটে সিল মারছেন। এ গুজব ছড়িয়ে পড়লে প্রার্থী মাহফুজুল ইসলাম (বল) ও বাবলু মিয়ার (তালা) কর্মী-সমর্থকেরা জারাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বেষ্টনী ভেতরে ঢুকে পড়েন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এতে রেহান উদ্দিন, শাহ পরান, সায়েদ মিয়া, লিটন মিয়া, মুখলেছ মিয়া , সাবিনা আক্তার, তামান্না, শাহ আলমসহ অন্তত ১৫ জন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।