দুই সদস্যের কমিটি দিয়ে পাঁচ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন হয়। সেখানে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এতদিন ধরে এই দুই সদস্যের কমিটি নিয়ে চলছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। বছর খানেক আগে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জমা দিলেও তা ঝুলে আছে। এ নিয়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে কাউন্সিলের মাধ্যমে সভাপতি পদে সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক চৌধুরী নির্বাচিত হন। তারপর দুই নেতা একমত না হওয়ার কারণে ওই কমিটি আর পূর্ণাঙ্গতা পায়নি। আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা আওয়ামী লীগ কোনো সভায় বসতে পারেনি।দীর্ঘ সাড়ে চার বছর পর গত বছর কেন্দ্রীয় কাউন্সিলর নির্বাচনের জন্য গত ২০ জুলাই নগরের সাফাওয়াং কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সভা আহ্বান করা হয়। নির্ধারিত সময়ে দলের সভাপতি, সাধারণ সম্পাদক সেখানে আসেননি। বিকেলের সভাটি কমিউনিটি সেন্টার থেকে রাতে জেলা আওয়ামী লীগের সভাপতির বাসায় গিয়ে করা হয়।গত বছর সাবেক কিছু ছাত্রনেতার উদ্যোগে জেলার নির্বাচিত দু্ই নেতার মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। সূত্র জানায়, মাস ছয়েক আগে কেন্দ্রের নির্দেশে সভাপতি ও সাধারণ সম্পাদক একমত হয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা জমা দিয়েছেন। এটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক জানান, তাঁরা একমত হয়েই পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছেন। এখন সেটা অনুমোদন দেওয়ার বিষয়টি কেন্দ্রের হাতে। তাদের আর কিছু করার নেই। রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক বলেন, দীর্ঘদিন কমিটি না থাকায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। নিয়মানুযায়ী সম্মেলন হলে এত দিনে অনেক নতুন মুখ নেতৃত্বে আসার সুযোগ পেত। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আসত। পূর্ণাঙ্গ কমিটি কেন এতদিন ধরে ঝুলে আছে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।