দুই সন্তান, ঋণের বোঝা নিয়ে লিপির চোখে শুধুই অন্ধকার
ঋণে জড়িয়ে লিপি খাতুন স্বামীর সঙ্গে পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন। মাত্র এক মাস পাঁচ দিনের মাথায় স্বামীর লাশ নিয়ে তাঁকে বাড়ি ফিরতে হলো। দুটি শিশুসন্তান আর ঋণের বোঝা নিয়ে লিপি খাতুনের দুই চোখে এখন শুধুই অন্ধকার। রাজশাহী নগরের জিন্নানগর মহল্লায় তাঁদের বাড়ি। গতকাল বৃহস্পতিবার দুপুরে লিপির স্বামী বিপ্লব ওরফে বিপুলের (৩৮) লাশ নগরের সপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। প্রতিবেশী রেজাউল করিম জানান, বিপ্লব এর আগে এলাকায় সিল্ক কারখানায় কাজ করেছেন। কিছুদিন আগে চারকোল (একধরনের জ্বালানি) কারখানা করেছিলেন। কারখানায় চুরি হলে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ ঋণ শোধ করার জন্য স্ত্রীকে নিয়ে এক মাস আগে পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন। দুই মেয়ে বিন্তি (১১) ও বৃষ্টিকে (৮) মায়ের কাছে রেখে গিয়েছিলেন। বিপ্লবের মা নূরজাহান বেওয়া বলেন, ঘটনার দিন সকাল আটটার দিকে ছেলে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছে। ছেলে বলেছিল, মা দুই মেয়েকে আমি ঢাকায় এনে স্কুলে ভর্তি করে দেব। লিপি জানান, তিনি ছয়তলায় কোয়ালিটির কাজ করতেন। আর স্বামী বিপ্লব তিন তলায় ফিনিশিংয়ের কাজ করতেন। তাঁদের জোর করেই সেদিন কারখানায় ঢোকানো হয়েছিল। তিনি বলেন, ‘টাকার জন্যই গেছি। তা ছাড়া ওই অবস্থায় আমরা কারখানায় ঢুকতাম না। যখন দেখি ছাদ নেমে আসছে, তখন আমি মাথা বাঁচানোর জন্য টেবিলের নিচে ঢুকে পড়ি। আমার সঙ্গে আরও কয়েকজন ঢুকে পড়েন। টেবিলের নিচে তিন ঘণ্টা আটকে ছিলাম। পুরো সময়টাতে আমার চেতনা ছিল। সেই অবস্থায় দুই রাকআত নামাজ পড়েছি। সহকর্মীর কাছ থেকে মুঠোফোন নিয়ে আলো জ্বেলে দেখেছি কোথাও বের হওয়ার ফাঁক আছে কি না। বেলা একটার দিকে একটা আলো দেখতে পাই। ওই দিক দিয়ে আমাকে টেনে বের করা হয়। বাইরে বের করার সঙ্গে সঙ্গে আমি সংজ্ঞা হারিয়ে ফেলি।’ লিপি বলেন, ‘হাসপাতালে চেতনা ফিরে পাই। বুঝতে পারি, আমার তেমন কিছু হয়নি। শুধু গায়ে ব্যথা।’