দুই সন্তান খুনের ঘটনায় মা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বাসাবোয় ছেলেমেয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা তানজিন আক্তার। এখন তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তবে তানজিন মানসিক ভারসাম্যহীন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
১৩ আগস্ট রাতে বাসাবোর বউবাজার এলাকার একটি বাড়ির ছাদের বাসা থেকে দুই ভাইবোন মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার (৬) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মাশরাফি খিলগাঁও বাগিচা মাদ্রাসার নূরানি শাখার ছাত্র ও হুমায়রা স্থানীয় দীপ শিখা কিন্ডারগার্টেনের কেজি শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর থেকেই তাদের মা তানজিন আক্তারের (৩১) খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোরে পুলিশ তাঁকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করে।
এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান সবুজবাগ থানায় স্ত্রী তানজিন আক্তারকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। আদালত তানজিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। তানজিনের স্বজনেরা দাবি করেন, তানজিন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাজিরুর রহমান প্রথম আলোকে বলেন, রিমান্ডের চতুর্থ দিনেই তানজিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দিনই তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
তদন্তের সঙ্গে জড়িত পুলিশের এক কর্মকর্তা বলেন, বাচ্চাদের মেরে ফেলার বিষয়ে তানজিন তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, সারাক্ষণ তাঁকে কেউ একজন বলত ‘মেরে ফেল’, ‘মেরে ফেল’। তাই তিনি তাঁদের মেরে ফেলেন। মারার জন্য তিনি দিনক্ষণ আগেই ঠিক করে রেখেছিলেন।
ওই কর্মকর্তা বলেন, বাচ্চাদের হত্যার পর তানজিন পালানোর চেষ্টা করেন। পুলিশের কাছে আটকের পরপর তিনি বাচ্চাদের হত্যার বিষয়টি স্বীকার করেন। কিন্তু জিজ্ঞাসাবাদ শুরুর পর নিজেকে বাঁচানোর চেষ্টা চালান। পুরো ঘটনা তিনি অস্বীকার করে বসেন। এরপর একপর্যায়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।