দুই সন্তান হত্যা মামলায় মায়ের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই সন্তান হত্যা মামলার আসামি তাদের মা মাহফুজা মালেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।

পুলিশ রামপুরা থানা থেকে মাহফুজাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানান যে তিনি বাচ্চাদের লেখাপড়া নিয়ে টেনশন করতেন। এর পরিপ্রেক্ষিতে তাদের হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বললেও প্রকৃতপক্ষে কীভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করেন, কেন হত্যা করেন—এ বিষয়ে নিশ্চুপ থাকেন। এই জোড়া হত্যার প্রকৃত রহস্য কী? হত্যার পরিপ্রেক্ষিতে কে লাভবান হলো? এসব বিষয়ের সমাধানের জন্য আসামির দেওয়া প্রাথমিক জবানবন্দি যথেষ্ট নয়। আসামির এসব কথাবার্তা যৌক্তিক নয়। এমনকি অপরাধবিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আসামির এ জবানবন্দি কোনোভাবেই সমর্থন করে না। আসামিকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর মুখাবয়বে কী যেন লুকিয়ে আছে, তা স্পষ্টভাবে অনুমান করা যায়। এ অবস্থায় আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য উদঘাটন ও প্রকৃত কারণ জানা যাবে।

আসামির আইনজীবী শাফায়েত আলী বলেন, এই আসামি অসুস্থ। তাঁর চিকিৎসা প্রয়োজন। রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান এর বিরোধিতা করে বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে আর কে বা কারা জড়িত আছেন, তা বের করার জন্য রিমান্ড আসামির মঞ্জুর করা হোক।

এদিকে, জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাহফুজা স্বাভাবিক আছেন। তিনি রাতে ভাত খেয়েছেন। দুপুরে ভাত খাওয়ার পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, যতবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ততবারই তিনি হত্যার কারণ হিসেবে সন্তানদের লেখাপড়া নিয়ে উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করেছেন রামপুরা থানার পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: