দুই সন্তান হত্যার কথা স্বীকার করেলন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মা কুলসুম বেগম তাঁর দুই শিশুপুত্রকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) হজরত আলী জানান, দুপুরে কুলসুম বেগমকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবাবন্দিতে কুলসুম বলেন, মাদারীপুরের এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক হয়। সেই সম্পর্কটি বাধাহীন করতে তিনি দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, পুলিশের জিজ্ঞাসাবাদেও কুলসুম একই ধরনের তথ্য দিয়েছিলেন।
নিহত ওই দুই শিশু হলো ভোজেরগাতী আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রায়হান সরদার (১০) ও রইচ সরদার (৪)। এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহত শিশুদের বাবা ইউসুফ সরদার বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মা কুলসুম বেগমকে (২৭) গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বসতঘরের বিছানায় রায়হানের এবং বারান্দায় রইচের লাশ পাওয়া যায়। এ সময় শিশুদের বাবা টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা কওমি মাদ্রাসার শিক্ষক ইউসুফ সরদার বাড়িতে ছিলেন না। তিনি সে সময় ঢাকা থেকে ফিরছিলেন। হত্যাকাণ্ডের পর কুলসুম একেক সময় একেক ধরনের কথা বলছিলেন। তাঁর হাত-পা ও মুখ বেঁধে দুজন অপরিচিত ব্যক্তি ওই দুই শিশুকে হত্যা করেন বলে তিনি প্রথমে প্রচার করেন। হত্যার পরই বৃহস্পতিবার রাতে নিহত দুই শিশুর বাবা ইউসুফ সরদার (৩৮)ও মা কুলসুম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেওয়া হয়। দুই দিন ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ চলে।
এর আগে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, নিহত দুই শিশুর মা কুলসুম বেগম পুলিশকে জানিয়েছেন তিনি একাই তাঁর দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। মাদারীপুরের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক হয়। সে সম্পর্কটি বাধাহীন করতে তিনি সন্তানদের হত্যা করেন।