দুই সন্তানকে ছুরিকাঘাত করে মায়ের আত্মহত্যা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে দুই সন্তানকে ছুরিকাঘাত করে হাসনা আরা বেগম (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে ছুরিকাঘাতে ওই দুজনের মধ্যে জান্নাতুল ফেরদৌস (২) নামে এক শিশু মারা গেছে। এ ছাড়া গুরুতর আহত শাহাদাত হাসানকে (৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে হাসনা আরা ও জান্নাতুল ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের পোশাকশ্রমিক শরাফত আলীর সঙ্গে গৌরীপুরের আহসানপুর গ্রামের হাসনা আরার বিয়ে হয়। পরে তাঁদের ঘরে শাহাদাত হাসান ও জান্নাতুল ফেরদৌস জন্ম নেয়। শরাফত গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজের সুবাদে সেখানেই থাকতেন। হাসনা সন্তানদের নিয়ে পোড়াহাতা গ্রামেই থাকতেন। শাহাদাত ব্র্যাক পরিচালিত স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণীতে পড়ালেখা করে। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় ওই দুই শিশুকে ছুরিকাঘাত করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন হাসনা। কিন্তু শাহাদাত ঘটনাক্রমে বেঁচে যায়। পরে শাহাদাতের চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় শাহাদাতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহাদাতের চাচা মারফত আলী জানান, ‘হাসনা প্রায়ই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তেন। বৃহস্পতিবার রাতে হাসনা খাওয়াদাওয়া শেষে ছেলেমেয়েকে নিয়ে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে শাহাদাতের কান্না শুনে আমাদের ঘুম ভাঙে। এ সময় গিয়ে দেখি শাহাদাত রক্তাক্ত অবস্থায় ঘরের দরোজার কাছে পড়ে আছে। হাসনা ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। রক্তাক্ত অবস্থায় জান্নাতুল ফেরদৌস পড়ে আছে বিছানায়। তখন শাহাদাতকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করি।’
তবে হাসনার ভাই আনোয়ার হোসেন জানান, ‘বিয়ের আগে ছোটবেলায় হাসনা একবার মানসিকভাবে ভারসাম্য হারান। চিকিৎসায় পরে তিনি ভালো হন। এরপর তাঁর আর কোনো ধরনের সমস্যা হয়নি। সন্তানদের নিয়ে সুখেই কাটছিল তাঁর দিন। কিন্তু হঠাৎ কেন এমন হলো তা বুঝতে পারছি না।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আনোয়ার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত ও আহতের পিঠে, গলায় ও বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।