দুই সন্তানকে বিষপান করিয়ে মায়ের বিষপান, দুজনের মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমলাপাড়া গ্রামে দুই শিশুসন্তানকে বিষপান করিয়ে মা সালমা বেগম (২৪) নিজেও বিষপান করেন। এতে আট মাস বয়সী ছেলে সালমানসহ মা সালমা মারা যান। অপর ছেলে আরমান (২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সালমা বেগমের স্বামীর নাম নাজমুল হক (৩০)। তিনি টমটম (শ্যালো-ইঞ্জিনচালিত গাড়ি) চালক।নাজমুলের চাচাতো ভাই রিপন মিয়ার ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সালমা বেগম তাঁর দুই ছেলে সালমান ও আরমানকে কীটনাশক মেশানো পানীয় পান করান। পরে তিনি নিজেও কীটনাশক পান করেন। এ সময় দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের প্রথমে মাওনা চৌরাস্তার একটি ক্লিনিক ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সালমা বেগম ও সালমান মারা যায়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, সালমার সঙ্গে তাঁর শ্বশুর, শাশুড়ি ও বাড়ির অন্যদের পারিবারিক কলহ ছিল। এর জের ধরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। ওসি জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।