দুই সন্তানকে হত্যার দায়ে বাবার ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারীতে নিশা মণি ও তিশা মণি নামের দুই শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে বাবা শাহ আলম কাজীকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান ওই রায় ঘোষণা করেন। এ সময় শাহ আলম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। শাহ আলম মোল্যাহাট উপজেলার উদয়পুর গ্রামের কাজী জিন্নাত আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী জানান, বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে সন্তানদের হত্যা করে শ্বশুরকে ফাঁসানোর হুমকি দেন শাহ আলম। পরে শাহ আলম দুই মেয়েকে হিজলা গ্রামের একটি ঘেরের পানিতে চুবিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখেন।
হত্যাকাণ্ডের ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে তাঁর স্ত্রী হত্যা মামলা করেন। আদালতের বিচারক দুই সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি রায় ঘোষণা করেন। দুটি রায়েই শাহ আলমকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।