দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুর ও শাশুড়ির সঙ্গে রাগ করে এক গৃহবধূ তাঁর দুই ছেলেকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুটির নাম সম্রাট (৩) ও তাজিন (১)। তারা আলিয়ারা গ্রামের আলী আকবর ও রোমেনা আক্তারের সন্তান। গতকাল বুধবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়া জানান, পাঁচ বছর আগে আলিয়ারা গ্রামের আলী আকবর (৩৮) হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাটুলী গ্রামের আবু লাল মিয়ার মেয়ে রোমেনা আক্তারকে (৩৫) বিয়ে করেন। আলী আকবর চট্টগ্রাম শহরে একটি দোকানে কাপড় সেলাইয়ের কাজ করেন। রোমেনা তাঁর দুই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারি খাওয়া নিয়ে শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রোমেনা দুই ছেলেকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। পরে তিনি আত্মহত্যার চেষ্টা চালান।

সেহিরর সময় আমেনা বেগম পুত্রবধূ রোমেনাকে তাঁর কক্ষে ডাকতে যান। সেখানে গিয়ে তিনি পুত্রবধূ ও নাতিদের পাননি। তিনি মনে করেছিলেন, রোমেনা হয়তো নাতিদের নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ভোরে এক প্রতিবেশী রোমেনাকে পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট আমান উল্লাহ আমান বলেন, রোমেনার মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কিছুটা অপ্রকৃতিস্থ মনে হয়েছে। আঘাতের কারণে কিংবা ভয়ে এমনটি হতে পারে।

আলিয়ারা গ্রামের বাসিন্দা জসীম রেজা জানান, রোমেনা ও আমেনার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে। এর জের ধরেই রোমেনা নিজের সন্তানদের হত্যা করতে পারেন।

এই প্রতিবেদক জানতে চাইলে হাসপাতালে চিকিৎসাধীন রোমেনা পানিতে ফেলে সন্তানদের হত্যার অভিযোগ অস্বীকার করেন। পরক্ষণেই বলেন, ‘আমিই সন্তানদের হত্যা করেছি।’ এরপর তিনি অভিযোগ করে বলেন, শ্বশুর ও শাশুড়ি আমার দুই সন্তানকে পানিতে ছুড়ে ফেলে হত্যা করেছেন। রোমেনা বলেন, মঙ্গলবার শাশুড়ি আমেনা তাঁকে ইফতারি খেতে নিষেধ করেন। এ নিয়ে শাশুড়ির সঙ্গে তাঁর ঝগড়া হয়। স্বামীও মুঠোফোনে তাঁকে গালাগাল করেন ও তালাকের হুমকি দেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রোমেনার শ্বশুর মনোজ আলী নাতিদের হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, এ ঘটনায় মনোজ আলী বাদী হয়ে রোমেনার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গতকাল রাতে শিশু দুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।