দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মা তাঁর দুই শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। এর পর তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে।
শিশু দুটির নাম ফাহমিদা ইসলাম (৭) ও তাছলিমা ইসলাম (২)। ফাহমিদা বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিটি ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা ফরিদ উদ্দিন স্ত্রী সালমা আক্তার ও দুই সন্তান নিয়ে শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকায় একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ফরিদ উদ্দিনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তিনি সকালে কর্মস্থলে চলে যান। বেলা তিনটার দিকে তিনি মুঠোফোনে স্ত্রীকে ফোন করে কোনো সাড়া না পেয়ে বাসায় ছুটে যান। গিয়ে দেখেন ঘরে স্ত্রী নেই, বাথরুমে দুটি বড় বালতির মধ্যে তাঁর দুই সন্তান পড়ে আছে। সঙ্গে সঙ্গে শিশু দুটিকে তিনি বগুড়ার মোহামঞ্চদ আলী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে বেলা সাড়ে তিনটার দিকে সালমা আক্তার শহরের বনানী এলাকায় বাইপাসে একটি বাসের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় বাসের ধাক্কায় তিনি আহত হন। এলাকার লোকজন তাঁকে বগুড়ার মোহামঞ্চদ আলী হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদ উদ্দিন জানান, তাঁর স্ত্রী মানসিক রোগী। প্রায়ই বলত ‘আমি মরে যাব। আমি আর বাঁচব না।’
চিকিৎসাধীন অবস্থায় সালমা আক্তার বলেন, যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি মরতে চেয়েছেন। কিন্তু তাঁর অবর্তমানে মেয়ে দুটির কী হবে। তাই মেয়ে দুটিকে মেরে আত্মহত্যা করতে যান।
এদিকে পুলিশ ফরিদুল ইসলামের বাসা থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুট দুটি সালমা আক্তার তাঁর মা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশ্যে লিখেছেন।
এর একটিতে লিখেছেন, ‘মা আমার অসুখ বেশি। আমি তোমাকে জানাই নাই। আমার এ যন্ত্রণা সহ্য করতে পারি না। তাই আমি দুনিয়া থেকে বিদায় নিলাম।’
অন্যটিতে রয়েছে, ‘মাননীয় ওসি সাহেব, আমার মৃত্যুর জন্য আমার স্বামী ফরিদুল ইসলাম দায়ী নয়। আমি একজন মানসিক রোগী। আমার অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম।’
বগুড়া সদর থানার ওসি এইচ এম ফয়জুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাসা থেকে দুটি চিরকুট উদ্ধারের কথা স্বীকার করেন।