'দুই সন্তানরে দেহার কেউ রইল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের আগেই বাবা মারা গিয়েছিল হাকিমের। তাঁকে পেটে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলেন মা। নানার বাড়িতে জন্ম, বড় হওয়া, লেখাপড়া, পেশাগত জীবন, বিয়ে। এই বাড়িতে থেকে নিজেও বাবা হলেন। আবার মৃত্যুও হলো।

সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। গতকাল শুক্রবার তাঁর মৃত্যু হয়। এ খবর শুনে তাঁর নানি রোকেয়া বেগমও গতকাল মারা যান।
একই বাড়িতে এক তরতাজা তরুণ আর এক বৃদ্ধার মৃত্যু। সেই শোক সইতে পারছে না কেউ। দু-দুটো মৃত্যুর পড় কান্নাই সঙ্গী হয়েছে এ বাড়ির মানুষের। আবদুল হাকিমের খালা হাফিজা বেগম বুক চাপড়ে বলছিলেন, ‘বাবা মইর‌্যা যাওয়ার পর ওর মা হাকিমকে পেটে নিয়ে বাপের বাড়িতে আইছিল। সেই হাকিম এখানে জন্মাইলো। আবার দুইডা সন্তান রাইখ্যা দুনিয়া থেকে বিদায় নিল। এহন এই এতিম দুই সন্তানরে কে মানুষ কইরবো। অ্যাদের দেহার কেউ রইল না।’
নানার বাড়িতে থেকে বিএ পাস করেন হাকিম। বিয়ের পরও নানি রোকেয়াকে সঙ্গে নিয়ে এ বাড়িতেই থাকেন তিনি। নানি হাকিমের নামে চার শতাংশ বাড়ির জমি লিখে দেন। এ ছাড়া তাঁর আর কোনো জমিজমা নেই। তিন মামা, ছোট এক ভাইসহ সবাই আলাদাভাবে বসবাস করছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই ছিলেন হাকিম।
হাকিমের বড় ছেলে আল নোমান সাদিকী (১১) এবার শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। ছোট মেয়ে মোছা. তামান্না খাতুন (৭) নার্সারিতে পড়ে। সাংবাদিকতাই ছিল হাকিমের একমাত্র পেশা।
শিশুসন্তান আল নোমান সাদিকী অঝোরে চোখের পানি ফেলে বলে, ‘বাবা আমাকে বলেছিলেন, আব্বু তুমি ভালো করে পড়াশুনা করো, তোমাকে ক্যাডেট কলেজে ভর্তি করে দেব। এখন আমার লেখাপড়ার কী হবে? কে নেবে আমার লেখাপড়ার দায়িত্ব?’
শিশু মেয়ে তামান্না শুধু একপলক দৃষ্টিতে তাকিয়েই থাকে। তার চোখ-মুখে শুধু বিষাদের ছাপ।
হাকিমের মরদেহ গত শুক্রবার রাত ১০টার দিকে মাদলা গ্রামের নিজ বাড়িতে আসার পর তাঁর মামা আবদুল মজিদ মণ্ডল, খালা জাহানারা বেগম, খালাত বোন স্বপ্না বেগম অসুস্থ হয়ে পড়ে। এই তিনজন এখন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নানি রোকেয়া বেগম সন্ধ্যায় মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, রোগী তিনজন আশঙ্কামুক্ত হলেও তাদের চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে।
গতকাল শনিবার হাকিম ও তাঁর নানির মরদেহ গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। কাকিলামারি গ্রামের আবদুল কাদের বিশ্বাস বলছিলেন, ‘গ্রামে অনেক কবর দেওয়া হয়েছে। কিন্তু একই সঙ্গে একই বাড়ির নানি-নাতি দুজনকে এভাবে কবর দেওয়ার ঘটনা আমার জীবনে প্রথম।’