দুই সন্তানসহ বিষ পান করা মায়ের অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহানা আক্তারের (৩৫) অবস্থার উন্নতি হয়েছে। তাঁর এক সন্তান আগমনী (৪) চিকিৎসা নিয়ে গতকাল সোমবার হাসপাতাল ছেড়েছে।
শাহানা ও তার দুই সন্তানকে গত শনিবার রাত সোয়া তিনটার দিকে উত্তর বাড্ডার একটি বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই তঁার দেড় বছরের মেয়ে আরিয়া মারা যায়।
দুই শিশুসন্তানকে নিয়ে শাহানা বিষাক্ত কিছু পান করেছিলেন বলে চিকিৎসকেরা ধারণা করছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির কারণে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করতে চেয়েছিলেন শাহানা। হাসপাতাল সূত্র জানিয়েছে, শাহানা ও আগামনীর পাকস্থলী পরিষ্কার করার পর আগামনীর অবস্থা উন্নতি হয়। গতকাল আগমনীকে তার স্বজনেরা হাসপাতাল থেকে নিয়ে গেছেন। তবে শাহানা এখনো চিকিৎসাধীন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। দুই শিশুর বাবা আমজাদ হোসেনেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।