দুই সন্তানসহ মায়ের বিষপান, দেড় বছরের শিশুটির মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক নারী ও তাঁর দুই শিশুসন্তানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছরের শিশুকন্যা আরিয়ার মৃত্যু হয়েছে। মা শাহানা (৩৫) আক্তার ও চার বছরের মেয়ে আগমনীকে (৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, ঘটনার পর থেকে শাহানার স্বামী আমজাদ হোসেন স্ত্রী-কন্যাদের খোঁজ নিতে আসেননি। ধারণা করা হচ্ছে তিনি পালিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তির কারণে দুই সন্তানসহ বিষ পান করেছেন শাহানা। তাঁদের কেউ বিষ প্রয়োগ করেছে কি না, সে বিষয়টিও অবশ্য খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাত সোয়া তিনটার দিকে দুটি শিশু ও তাদের মাকে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ভোর চারটার দিকে দেড় বছরের আরিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দুজনের পাকস্থলী পরিষ্কারের পরে তাঁদের ওয়ার্ডে ভর্তি করা হয়।
গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিছানায় চাচার কোলে বসে থাকতে দেখা গেল চার বছরের আগমনীকে। এর মধ্যে চিকিৎসক এসে তার রক্তচাপ মাপলেন। এর আগে দুপুরে কর্তব্যরত চিকিৎসক বলেছিলেন, মনে হয় তারা তরল কোনো বিষাক্ত পদার্থ পান করেছিল। খুব দ্রুত বিষক্রিয়া রক্তে ছড়িয়েছে। শিশুটির মা ওষুধের প্রভাবে সন্ধ্যা পর্যন্ত ঘুমাচ্ছিলেন।
শিশুটির বাবা আমজাদ হোসেনের ভাই আনোয়ার, চাচা রেজাউল করিম জানান, আমজাদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে উত্তর বাড্ডার খান মসজিদের পাশে একটি ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে থাকতেন। তবে কী নিয়ে তাঁদের সংসারে কলহ, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
একই ভবনের পাশের ফ্ল্যাটের বাসিন্দা মো. সেলিম বলেন, গত শনিবার রাত আড়াইটার দিকে আমজাদ মুঠোফোনে কল করে তাঁর (আমজাদের) ফ্ল্যাটে যেতে অনুরোধ করেন। আমজাদ তাঁকে বলেন, তাঁর স্ত্রী ফোন ধরছেন না। তিনি খারাপ কিছুর আশঙ্কা করছেন। পরে সেলিম তাঁদের ফ্ল্যাটের সামনে গিয়ে যথারীতি দরজা বন্ধ দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি বাড়িওয়ালাকে খবর দেন। পরে বাড়িওয়ালা এলে তাঁরা দরজা ভেঙে দেখেন মা ও শিশু দুটি বিছানার ওপর নিথর হয়ে পড়ে আছে। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে শাহানা তাঁর দুই সন্তানকে বিষাক্ত কিছু সেবন করিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। শাহানার স্বামী আমজাদকে পাওয়া গেলে হয়তো ঘটনা সম্পর্কে সবকিছু জানা যাবে।