দুই সন্তানের চোখে এখন শুধুই অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের খাইরুল ইসলাম নিরাপত্তা প্রহরীর চাকরি করে সংসার চালাতেন। যুদ্ধাপরাধের দায়ে সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন জামায়াত-শিবিরের কর্মীরা খাইরুলের বাড়িতে গিয়ে তাঁকে হত্যা করেন। এখন তাঁর দুই মেধাবী সন্তান ও স্ত্রীর চোখে শুধুই অন্ধকার। তাঁদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।খাইরুলের স্ত্রী লিপি খাতুন জানান, তাঁদের বড় ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে। সে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। মেয়ে খাদিজাতুল আক্তার চতুর্থ শ্রেণীতে পড়ে। সেও পড়াশোনায় তাঁর ভাইয়ের মতোই। বাবাই ছিল তাদের একমাত্র ভরসা। এখন তাদের মুখের দিকে তাকানোর উপায় নেই। লিপি খাতুন বলেন, ‘ঘটনার দিন নামাজ পড়ে এসে ভাত খেতে চেয়েছিলেন আমার স্বামী। আমি তখন ভাত আনতে রান্নাঘরে যাই। তখনই হইচই বেঁধে যায়। পাশেই স্বামীর চাচার বাড়িতে জামায়াত-শিবিরের লোকজন এসে আগুন লাগিয়ে দেয়। এসব দেখে আমার স্বামী ঘরের বাইরে বের হন। ততক্ষণে আমিও এসে পড়ি। আমার চোখের সামনে ওরা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে।’ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিপি। একটু পর কিছুটা স্বাভাবিক হয়ে লিপি খাতুন বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই। আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই।’লিপি খাতুন বলেন, ‘আমার দুই সন্তান পড়াশোনায় ভালো। ওদের নিয়ে অনেক স্বপ্ন ছিল। এখন সব শেষ হয়ে গেছে। দুই বেলা ওদের মুখে কী তুলে দেব—তাই ভেবে পাচ্ছি না।’ খাইরুলের ছোট ভাই শাহীনুর রহমান বলেন, ওরা আগে থেকেই এক বাড়িতে রান্না করে খাওয়া-দাওয়া করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ আগে থেকে প্রস্ততি নিলে তারা এ হামলা ঠেকাতে পারত।