রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানের মৃত্যুর পর গতকাল শনিবার মারা গেছেন বাবা শাহনেওয়াজ শাহীন। মা সুমাইয়া খানমের অবস্থাও সংকটাপন্ন। আগুনে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
গত শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন এই পরিবারের সবাই। ফ্ল্যাটটিতে কয়েক দিন আগে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ওঠেন ঢাকার মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ (৫০)। আগুনে দগ্ধ হয়ে তাঁর ছোট ছেলে জায়ান বিন নেওয়াজ এবং বড় ছেলে সাহলিন বিন নেওয়াজ শুক্রবারই মারা যায়। স্ত্রী সুমাইয়া খানম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল ৫টা ৫৫ মিনিটে শাহনেওয়াজ মারা গেছেন। তাঁর স্ত্রীর অবস্থা খুবই সংকটাপন্ন। শুধু একজনকে (মেেজা ছেলে জারিফ বিন নেওয়াজ) প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল সকালে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, ইউনিটের সার্বক্ষণিক পরিচর্যাকেন্দ্রের সামনে স্বজনেরা বসে আছেন। কেউ কাঁদছেন। কেউ অন্য স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন। বিকেল সাড়ে চারটার দিকে শাহনেওয়াজকে দেখতে বার্ন ইউনিটে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট।
শাহনেওয়াজের বাড়ি ঝালকাঠির কাঠপট্টিতে। চার ভাইয়ের মধ্যে তিনি মেেজা।
শাহনেওয়াজের ভাই কামরুল আহসান বলেন, দুই ভাই জায়ান বিন নেওয়াজ ও সাহলিন বিন নেওয়াজের লাশ বরিশালে নানার বাড়িতে দাফনের জন্য পাঠানো হয়েছে। এর আগে সকালে সাহলিনের শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে তাদের জানাজা হয়।
মা-বাবার কাছে যেতে চায় জারিফ: অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হলেও আশঙ্কামুক্ত শাহনেওয়াজের মেজো ছেলে জারিফ বিন নেওয়াজ। উত্তরার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র জারিফের শরীরের ছয় শতাংশ পুড়েছিল। জারিফকে জানানো হয়নি তার দুই ভাই ও বাবার মৃত্যুর খবর।
শাহনেওয়াজের মামাতো ভাই আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ছেলেটা (জারিফ) একেবারেই চুপচাপ হয়ে গেছে। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কথা বললেই মা-বাবার কাছে যেতে চাইছে। বাড্ডায় তার এক খালার বাসায় তাকে রাখা হয়েছে।