দুই সন্তানের মৃত্যু, দগ্ধ মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঘুমন্ত দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর গায়ে শ্বশুরবাড়ির লোকজন কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। তাদের মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার টিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম সাজনা বেগম (২৫)। মারা যাওয়া শিশুসন্তানেরা হলো ইমন মিয়া (৫) ও ইমনা বেগম (৩)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টিয়ারগাঁও গ্রামের আসকর আলীর ছেলে নূর উদ্দিনের সঙ্গে ছয় বছর আগে উপজেলার ইসাকপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে সাজনা বেগমের বিয়ে হয়। নুর উদ্দিন কুয়েতপ্রবাসী। দুই মাস আগে তিনি দেশে এসে আবার কুয়েতে চলে যান। প্রতিবেশীরা বলেন, রাতে চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা সাজনা বেগমের ঘরে গিয়ে দুই সন্তানসহ তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। শিশুকন্যা ইমনাকে বিছানার ওপরই মৃত অবস্থায় পাওয়া যায়। রাতে সাজনা ও ইমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরে ইমন মারা যায়। পরে সেখান থেকে গতকাল বিকেলে আশঙ্কাজনক অবস্থায় সাজনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাজনার পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন রাতে ঘুমন্ত অবস্থায় সাজনার কক্ষে ঢুকে বিছানায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সাজনার ভাই জাহির মিয়া বাদী হয়ে সাজনার শ্বশুর আকবর মিয়া, শাশুড়ি রাজিয়া বেগম, ননদ নাসিমা বেগম, দেবর সফিউদ্দিনসহ ওই পরিবারের ছয়জনকে আসামি করে গতকাল জগন্নাথপুর থানায় মামলা করেছেন। আসামিদের সবাই পলাতক।সাজনার বড় ভাই আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে তাঁর বোনকে নির্যাতন করত। কয়েকবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেষ্টা করে তারা। সাজনা সন্তানদের কথা ভেবে এসব নির্যাতন সহ্য করতেন। আবদুল আজিজ জানান, অগ্নিদগ্ধ অবস্থায় সাজনা তাঁদের বলেছেন, তিন দিন ধরে শ্বশুরবাড়ির লোকজন তাদের খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ঘটনার রাতেও তিনি সন্তানদের নিয়ে না খেয়ে ঘুমান। এরপর হঠাৎ বিছানায় আগুন দেখে ঘুম থেকে উঠে সন্তানদের বাঁচানোর চেষ্টা করেন। তবে নুর উদ্দিনের ভাই সফিউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই দিন সন্ধ্যায় ভাইয়ের পাঠানো টাকা-পয়সা নিয়ে তাঁর বাবা-মায়ের (সাজনার শ্বশুর-শাশুড়ি) সঙ্গে সাজনার তর্ক হয়েছিল। এরপর সাজনা নিজের কক্ষে ঢুকে সন্তানদের নিয়ে আত্মহত্যা করার জন্যই কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুনামগঞ্জের পুলিশ সুপার গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরির্দশন করেছেন।’