দুই সন্তানের সাফল্যের পরও দুশ্চিন্তায় মা-বাবা
নিজের জায়গাজমি বলতে তেমন কিছু নেই কিশোর চন্দ্র মজুমদারের। অন্যের জায়গায় বেড়ার ঘর তৈরি করে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বাস করেন তিনি। পানচাষি কিশোর চন্দ্রের আয়ে কোনোমতে চলছিল সংসার। দুই বছর আগে শারীরিক অসুস্থতায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তিনি।
বাবা কিশোর চন্দ্র মজুমদারের শারীরিক অসুস্থতায় বন্ধ হয়ে যেতে বসেছিল দুই ভাই নয়ন চন্দ্র মজুমদার ও বিজয় চন্দ্র মজুমদারের পড়ালেখা। মেধাবী দুই ছেলের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, তা মেনে নিতে পারেননি মা সত্যদেবী মজুমদার। গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে শুরু করেন পান, মুড়ি-মোয়া আর শাড়ি। তাঁর আয়ের প্রায় সবটুকুই চলে যেত দুই ছেলের পড়ালেখার পেছনে।
সত্যদেবী মজুমদারের এই পরিশ্রম বৃথা যায়নি। মায়ের মুখে হাসি ফুটিয়েছে ছেলে নয়ন চন্দ্র মজুমদার ও বিজয় চন্দ্র মজুমদার। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে চট্টগ্রামের সন্দ্বীপের মধ্য সন্তোষপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র নয়ন। ভাইয়ের মতো ভালো ফল করতে না পারলেও একই বিভাগ থেকে বিজয় পেয়েছে জিপিএ-৪.৫।
তবে আর্থিক দুরবস্থার কারণে দুই ছেলের পড়ালেখার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কিশোর চন্দ্র ও সত্যদেবী। কিশোর চন্দ্র মজুমদার বলেন, অনেক দুঃখ-কষ্টে ছেলেরা পড়ালেখা করেছে। ছেলেদের পড়ালেখার জন্য অনেক পরিশ্রম করেছেন তাদের মা। তিনি বলেন, ‘অর্থের অভাবে অনেক সময় ছেলেদের অনেক ইচ্ছা পূরণ করতে পারিনি। তবে পড়ালেখার যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য আমরা সচেতন ছিলাম।’
সত্যদেবী মজুমদার জানান, দুই বছর আগে তাঁর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। তাঁর আয়ে সংসার চলত। তিনি বলেন, ‘স্বামীর এ অবস্থায় ছেলেদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়। তাই ছেলেদের পড়ালেখার খরচ জোগাড় করতে আমি নিজেই মাঠে নামি। গ্রামে গ্রামে পান, মুড়ি-মোয়া ও শাড়ি ফেরি করে বিক্রি করতে শুরু করি।’
সত্যদেবী মজুমদার বলেন, ‘সংসারের টানাটানি দেখে দুই ছেলে কোনো দিন কিছুই চায়নি। পরীক্ষায় দুজনই ভালো ফল করেছে। তারা আমার স্বপ্ন পূরণ করেছে।’
নয়ন মজুমদার বলল, ‘আমাদের দুই ভাইয়ের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সে জন্য মাকে অমানুষিক পরিশ্রম করতে হয়েছে। এখন মায়ের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।’
মধ্য সন্তোষপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামশেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, পরিবারটির আর্থিক অবস্থা ভালো নয়। তাই পড়াশোনা চালিয়ে যেতে বিভিন্ন ব্যক্তির সহযোগিতা নিতে হয়েছে। তাদের কাছ থেকে বেতন-ভাতা নেওয়া হতো না।
সংসারের আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করে কিশোর চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এখন দুই ছেলের পড়ালেখার খরচ কীভাবে জোগাড় করব, তা নিয়ে চিন্তায় আছি।’