দুই সন্ত্রাসীর অস্ত্র মামলায় সাক্ষ্য দিচ্ছে না পুলিশ
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় সাক্ষীরা হাজির না হওয়ায় বিচার-প্রক্রিয়া ঝুলে আছে। সমন জারি করেও গত চার বছরে একজন সাক্ষীকেও আদালতে হাজির করা যায়নি। মামলার ২৫ সাক্ষীর মধ্যে ১৯ জনই পুলিশ। এর মধ্যে ১৭ জন পুলিশ সদস্যকে সাক্ষ্য দিতে হাজির করা যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে আসামিরা খালাস পেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
২০০১ সালের ২ অক্টোবর চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকা-সংলগ্ন চালিতাতলীর একটি বাসা থেকে একে-৫৬ রাইফেল, ৯১টি গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ও বাইট্টা আলমগীরকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আট বছর পর ২০০৯ সালের ২৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আদালত সূত্র জানায়, সর্বশেষ ২০১২ সালের ২৪ জানুয়ারি এই মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়। সেদিন সাক্ষ্য দেন মামলার বাদী ডিবির তৎকালীন উপপরিদর্শক এ কে এম মহিউদ্দিন (এখন বন্দর থানার ওসি)। এরপর চার বছরে মামলার ১২টি ধার্য দিনে আর কোনো সাক্ষীকে হাজির করা যায়নি।
অস্ত্র মামলাটি এখন প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে বিচারাধীন। সাক্ষীরা হাজির না হওয়ায় গত বছরের ১৩ সেপ্টেম্বর বিচারক চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারকে চিঠি দেন। এতে উল্লেখ করা হয়েছে, ‘২৫ জন সাক্ষীর মধ্যে মাত্র দুজন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। সাক্ষীরা কেন হাজির হচ্ছেন না, কোনো প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে না। সাক্ষীদের হাজির করা পুলিশের দায়িত্ব।’
সাজ্জাদ চট্টগ্রামে ছাত্রলীগের আট নেতা খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও। ২০০০ সালে এ হত্যাকাণ্ড হয়। জামিনে ছাড়া পেয়ে দুবাইতে চলে যান তিনি। পুলিশ জানায়, সাজ্জাদ এখন ভারতের কারাগারে বন্দী আছেন। আর বাইট্টা আলমগীর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁরা দুজনেই শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, ‘অস্ত্র মামলায় সাক্ষ্য ছাড়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। পুলিশ কেন নিজ বাহিনীর সদস্যদের (সাক্ষী) হাজির করতে পারছে না, তা রহস্যজনক। এভাবে চলতে থাকলে সাক্ষ্যের অভাবে আসামিরা খালাস পেতে পারেন এই মামলায়।’
মামলার নথিতে দেখা গেছে, হাজির না হওয়া সাক্ষী পুলিশ সদস্যরা হলেন পাঁচলাইশ অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার মোসলেহ উদ্দিন, নগর ডিবির সহকারী কমিশনার মনিরুল ইসলাম, উপপরিদর্শক ওবায়দুল হক, নিজাম উদ্দিন, রেজাউল করিম, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও মশিউর রহমান, এএসআই ইলিয়াছ খান, আজিজুল হক ও খোরশেদ আলম, কনস্টেবল হারুন অর রশিদ, শুক্কুর আলী, সেলিম সরদার, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন। ঘটনার সময় তাঁরা নগর ডিবি ও পাঁচলাইশ থানায় কর্মরত ছিলেন।
তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম এখন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত আছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘সমন না পাওয়ায় সাক্ষ্য দিতে হাজির হতে পারিনি। আগামী ধার্যদিনে হাজির হব।’ একই কথা জানান আরেক সাক্ষী নগর ডিবির তৎকালীন এএসআই ইলিয়াছ খান (বর্তমানে এসআই)।
তবে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম বলেন, এই মামলার প্রতিটি ধার্যদিনে সাক্ষীদের হাজির করতে পুলিশ কমিশনারের কার্যালয়ের মাধ্যমে সমন পাঠানো হয়। কিন্তু পুলিশ সাক্ষীদের অবস্থানের বিষয়ে আদালতে কোনো তথ্য দেয় না।
আগামী ৯ মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ওই দিন সাক্ষীদের হাজির করার চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান। তবে চার বছর ধরে এই মামলায় একজন সাক্ষীকেও কেন হাজির করা যায়নি, সে বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি।