দুই সন্ত্রাসীর ১০ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক মামলায় দুই সন্ত্রাসীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
আসামিরা হলেন শাহাদাত হোসেন ও শাহজাহান। তাঁরা এ মামলায় কয়েক বছর আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০০ সালের ১৫ নভেম্বর ছিনতাই করে পালানোর সময় চট্টগ্রাম নগরের ঈদগাহ্ রাস্তার মাথা এলাকায় পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে তাঁরা হাতবোমা ছোড়েন। এতে পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনায় ডবলমুরিং থানায় বিস্ফোরক আইনে মামলা করা হলে পুলিশ অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ১০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।