দুই সন্ত্রাসীর ২২ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অস্ত্র-গুলি রাখা ও পুলিশের ওপর হামলার মামলায় দুই সন্ত্রাসীকে ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম ও মো. মামুন। গতকাল সোমবার বিকেলে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলার দায়ে জননিরাপত্তা আইনে দুই আসামিকে পাঁচ বছর করে, অস্ত্র ও গুলি রাখার দায়ে ১৭ বছর করে মোট ২২ বছর কারাদণ্ড দেন আদালত। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
সরকারি কৌঁসুলি বলেন, ২০০১ সালের ৯ জুন চট্টগ্রাম রেলস্টেশনের সামনের সড়কে তৎকালীন নগরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম মহিউদ্দিন থামতে সংকেত দেন। কিন্তু সংকেত উপেক্ষা করে মোটরসাইকেলে থাকা শফি ও মামুন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে শফি আহত হন। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ৯ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় আদালতে।