দুই সপ্তাহ ধরে ওষুধ-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম-সংকট চলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার এই হাসপাতালে গত ১৬ দিন ধরে অ্যানাডল (১০০ মিলিগ্রাম), কলেরা স্যালাইন, মাইক্রো ৪ (স্কচটেপ), সেফইট্রিয়াক্সন (১ গ্রাম), সিরিঞ্জ প্রভৃতির সংকট। ফলে রোগীর অভিভাবকেরা চড়া দামে বাইরে থেকে এসব ওষুধ কিনছেন।
হাসপাতাল সূত্র আরও জানায়, সেফইট্রিয়াক্সন (১ গ্রাম) ইনজেকশনটি শুধু লেবারওয়ার্ড ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দেওয়া হয়। এগুলো হাসপাতালে প্রতি মাসে বিভিন্ন পরিমাণে ৬০০ থেকে দুই হাজারটি সরবরাহ করা হয়। অথচ প্রতিদিন এটি প্রয়োজন ২০০টির মতো।
সদর উপজেলার বাসিন্দা ও এক রোগীর অভিভাবক ফরহাদ খান পাঠান৷ তিনি বলেন, হাসপাতাল থেকে স্যালাইন দেয় না। এ জন্য বাইরে থেকে স্যালাইন, ট্যাবলেট ও স্কচটেপ আনতে যাচ্ছেন।
সিভিল সার্জন সাহিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের ওষুধ কেনা হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে ঠিকাদার সরবরাহ করবে। তখন আর এ সংকট থাকবে না।’