দুই সপ্তাহ ধরে ত্রাণের চাল বিতরণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ ধরে ত্রাণের চাল না পাওয়ায় সাতক্ষীরার বন্যাদুর্গত এলাকায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা সড়কের মদনপুর আশ্রয়কেন্দ্রে আমেনা বেগম জানান, তাঁরা দেড় মাসের বেশি সময় ধরে এ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এ অবস্থায় চার-পাঁচ দিন পর তিন কেজি করে ত্রাণের চাল দেওয়া হচ্ছিল, তা-ও দুই সপ্তাহ ধরে বন্ধ। এ অবস্থায় ছেলেমেয়ে নিয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। একই ধরনের কথা বলেন ওই আশ্রয়কেন্দ্রের ময়না বেগম ও ভারতী রানী দাস।খুলনা-পাইকগাছা সড়কের পাকারমাতা নামক স্থানের আশ্রয়কেন্দ্রের ঝর্ণা বেগম, ফাতেমা বেগম ও সেলিম হোসেন বলেন, ‘এভাবে কত দিন বেঁচে থাকতে পারব, কে জানে।’তালা উপজেলার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, এলাকার তিন হাজারের বেশি পরিবার খুব ক্ষতিগ্রস্ত। সেখানে ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে ৭০০। এ জন্য তিনি কার্ড গ্রহণ করেননি। উপজেলার ১২টি ইউপির কোনো চেয়ারম্যান কার্ড গ্রহণ করেনি। একই কথা বলেন সাতক্ষীরা সদরের বল্লি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।সাতক্ষীরা জেলা ত্রাণ কর্মকর্তা জাহাঙ্গীর রহিম সাহেদ জানান, জেলার জন্য ৭১ হাজার ৩৭৩টি ভিজিএফের চাহিদা দেওয়া হলে বরাদ্দ পাওয়া গেছে ২৬ হাজার ২৪৪টি। গত সোমবার আরও ২৫ হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়া গেছে।