দুই সপ্তাহ ধরে পানির পাম্প বিকল, ভোগান্তি
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প দুই সপ্তাহ ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্স ও কোয়ার্টারগুলোতে পানির সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ কমপ্লেক্সের পানির পাম্পটি বিকল হয়ে যায়। এ কারণে ওই দিন থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে।এ কারণে রোগী, তাদের স্বজন, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে বসানো একমাত্র নলকূপের পানির ওপর নির্ভর করতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় ওয়ার্ড হওয়ায় রোগীদের নিচ থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী আজিজুল ইসলাম জানান, ওয়ার্ডে সরবরাহ না থাকায় তাঁরা শৌচাগারে পর্যাপ্ত পানি ব্যবহার করতে পারছেন না। এতে ওয়ার্ডে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।নাসিমা নামের অপর এক রোগী জানান, পাম্প বন্ধ থাকায় তাঁরা চাহিদামতো পানি ব্যবহার করতে পারছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের ছয়টি কোয়ার্টারে পানি সরবরাহ বন্ধ থাকায় তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে বিপদে পড়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। দু-এক দিনের মধ্যেই পাম্প চালু করা হবে।