দুই সপ্তাহ ধরে বন্ধ ২৬ অ্যালুমিনিয়াম কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ থাকা বিসিক শিল্পনগরের একটি অ্যালুমিনিয়ামের কারখানা  l ছবি: প্রথম আলো
শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ থাকা বিসিক শিল্পনগরের একটি অ্যালুমিনিয়ামের কারখানা l ছবি: প্রথম আলো

বেতন-ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে প্রায় দুই সপ্তাহ ধরে নোয়াখালীতে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল তৈরির ২৬টি ক্ষুদ্র কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকেরা।
ক্ষুদ্র অ্যালুমিনিয়াম কারখানা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও কর্মীদের বেতন বেড়েছে। কিন্তু দুই বছর ধরে নোয়াখালীর অ্যালুমিনিয়াম কারখানাগুলোর শ্রমিকদের বেতন বাড়েনি। যে কারণে কারখানাগুলোতে কর্মরত তিন শতাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তাই শ্রমিকেরা বাধ্য হয়ে বেতন-ভাতা বাড়ানোসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
শ্রমিকদের দাবির বিষয়ে অ্যালুমিনিয়াম কারখানা মালিক সমিতির সহসভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকার অ্যালুমিনিয়াম কারখানার তুলনায় নোয়াখালীতে অনেক আগে থেকেই শ্রমিকদের বেশি (দ্বিগুণের কাছাকাছি) মজুরি দেওয়া হয়। এই অবস্থায় বেতন বাড়াতে হলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে।
সমিতির এই দুই নেতা অভিযোগ করেন, শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কখনোই তাঁদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়নি। কিন্তু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা যুবলীগের নেতা সাইফুল ইসলাম ইন্ধন দিয়ে শ্রমিকদের ভুল বুঝিয়ে কারখানাগুলোতে অশান্ত পরিস্থিতি তৈরি করেছেন। তাঁরা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে শ্রমিকেরা পুরোপুরি কাজ বন্ধ করে দিয়েছেন। এর আগে দেড় মাস ধরে শ্রমিকেরা উৎপাদন কম করে আসছিলেন।
অ্যালুমিনিয়াম কারখানার কয়েকজন মালিক বলেন, কাঁচামালের মূল্যবৃদ্ধি, ঢাকা-চট্টগ্রামে উৎপাদিত অ্যালুমিনিয়ামসামগ্রী বেশি পরিমাণে স্থানীয় বাজারে আসায় নোয়াখালীর অ্যালুমিনিয়াম কারখানাগুলোতে চরম মন্দা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে গত এক বছরে অন্তত ১০টি কারখানা বন্ধ হয়ে গেছে। তাঁরা বলেন, বর্তমানে ২৬টি কারখানা চালু থাকলেও সেগুলোর মধ্যে কয়েকটির অবস্থা ভালো নয়। এই অবস্থায় শ্রমিকদের ‘অযৌক্তিক’ আন্দোলনের কারণে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় তাঁরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বিভিন্ন খাতে প্রতিটি কারখানাকে ৩৫-৪০ হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম বলেন, গত ২৬ ডিসেম্বর শ্রমিকদের দাবিদাওয়া মালিকপক্ষকে লিখিতভাবে দেওয়া হয়। এরপর প্রায় দুই মাস কেটে গেলেও দাবি পূরণের বিষয়ে মালিকপক্ষের কোনো ভূমিকা না দেখে বাধ্য হয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক প্রথম আলোকে বলেন, তাঁরা কাজে ফিরতে চাইলেও ইউনিয়নের নেতৃস্থানীয় কিছু শ্রমিকের কারণে কারখানায় যেতে পারছেন না। এই অবস্থায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।