চিকিৎসক সুমন সিকদার আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে, এখনো তা পুলিশের অজানা। দুই সপ্তাহ পরও পুলিশ আজিজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে কার কাছে সুমন এসেছিলেন, সেই তথ্য জোগাড় করতে পারেনি। সুমনের স্বজনেরা তদন্তের গতিতে অসন্তুষ্ট।
২ জানুয়ারি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন সিকদার নিখোঁজ হন। ৩ জানুয়ারি সকালে ঢাকায় শাহবাগের আজিজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চতুর্থ তলার ফাঁকা জায়গা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর চিকিৎসকেরা বলেন, ওপর থেকে পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁকে কেউ হত্যা করেছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়টি পুলিশকে তদন্ত করে বের করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে বসবাসরত সব চিকিৎসককে এখনো পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। তাই কার কাছে সুমন এসেছিলেন, সে সম্পর্কেও তাঁরা জানেন না। সুমন খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ঢাকায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সংলগ্ন আজিজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিরই একটি কক্ষে ছিলেন। ওই ভবনে দুজন তাঁকে চিনতেন। কিন্তু তাঁদের কাছে তিনি আসেননি বলে পুলিশ জানিয়েছে। ওই ভবনে ১৬০টি ফ্ল্যাটের মধ্যে ৪০টিতে ফ্ল্যাটের মালিকেরা পরিবার নিয়ে থাকেন। বাকি ফ্ল্যাটের বাসিন্দাদের ৯০ শতাংশ চিকিৎসক। তাঁদের কার কাছে তিনি এসেছিলেন, সেই তথ্য মৃত্যুর এত দিন পরও পুলিশ জানাতে পারেনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকেবলেন, ‘আমরা ঘটনার দিনই ১০-১৫টি ফ্ল্যাটে খোঁজ নিই। পরে অন্যান্য ফ্ল্যাট থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা করি। এখনো কাজ শেষ হয়নি। এ পর্যন্ত আমরা আট-নয়জনকে জিজ্ঞাসাবাদ করেছি। সন্দেহজনক কিছু পাইনি।’
এদিকে, সুমনের বাবা সুকুমার সিকদার ও সুমনের সহকর্মীরা বলছেন, মাস কয়েক আগে সুমন বিষণ্নতায় ভুগছিলেন। তিনি চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন। তবে এরপর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং নিয়মিত হাসপাতালেও কাজ করছিলেন। কী
কারণে সুমন বিষণ্নতায় ভুগছিলেন, সে সম্পর্কে সুকুমার সিকদার কিছু জানাতে পারেননি।
সুমন সিকদারের বাবা কৃষক। সুমন খুব কষ্ট করে লেখাপড়া করছিলেন। তাঁর একটি বোন খুলনা বিএল কলেজে লেখাপড়া করেন। সুমন ছিলেন দরিদ্র পরিবারটির একমাত্র অবলম্বন। গতকাল মঙ্গলবার সুমনের বাবা সুকুমার বলেন, ‘লোকে আমার ছেলেকে মেধাবীই বলত! এখন আর এসব ভেবে কী হবে। আমাকে আজ (সোমবার) ওর হাসপাতাল থেকে ডেকেছে বেতন-ভাতা নেবার জন্য। সব শেষ।’ তিনি আরও বলেন, তাঁর ছেলের ব্যাপারে নতুন করে কোনো তথ্য তিনি পুলিশের কাছ থেকে পাননি। তদন্তের ধীরগতিতে তাঁরা সন্তুষ্ট নন।
দরিদ্র পরিবারের সন্তান, সরকারি হাসপাতালের চিকিৎসক, তবু তাঁর মৃত্যুতে সেই অর্থে প্রশাসন বা চিকিৎসকদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কোনো প্রতিক্রিয়া নেই। তারা পুলিশের তদন্তের ওপর নির্ভর করে বসে আছে। দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চিকিৎসক-অধ্যুষিত একটি ভবনে কীভাবে একজন চিকিৎসকের মৃত্যু হলো, সে বিষয়টি খতিয়ে দেখার কোনো উদ্যোগ দেখা যায়নি। বিএমএ খুলনায় একটি বৈঠক করেছে এবং সিভিল সার্জনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে—করা বলতে এটুকুই।
তবে বিএমএর সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইহতেশামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরাশুরু থেকেই বিষয়টি নজরদারি করছি। পুলিশ চেষ্টা করছে, আমরাও সব রকম সহায়তা করছি।’