দুই সপ্তাহ বন্ধ থাকার পর কাল থেকে আবার চালু হচ্ছে লোড কন্ট্রোল স্টেশন
প্রায় দুই সপ্তাহ অচল থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন (পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রক যন্ত্র) কাল মঙ্গলবার থেকে আবার চালু হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তুরস্ক থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে স্টেশনটি মেরামত করে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বড় দারোগাহাটের এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে যন্ত্রপাতি পুনঃস্থাপনের কাজ শেষ হয়েছে। কাল থেকে স্টেশনটি আবার চালু হবে।
গত ১৯ মে সকালে একজন ট্রাক চালক ও এক সহকারীকে মারধর করা হলে তিন ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এ সময় একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে গাড়ির ওজন মাপার বক্স অফিস ও কম্পিউটারসহ সরঞ্জামাদি ভাঙচুর করে। এ সময় টোল আদায়কারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিবহন শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
পরে ওই দিনই পরিবহন শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক করে স্থানীয় পুলিশ। এরপর ওই দিন দুপুর সাড়ে ১২টায় মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়। তবে ভাঙচুরের কারণে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি অচল হয়ে যায়। তুরস্ক থেকে যন্ত্রাংশ এনে তা সারানো হয়েছে।