দুই সপ্তাহ সময় চেয়ে আড়াই মাস পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরমাতীরে আড়তদারদের সেই বিলাসী শৌচাগার l ফাইল ছবি
সুরমাতীরে আড়তদারদের সেই বিলাসী শৌচাগার l ফাইল ছবি

সিলেট শহরে সুরমা নদীর তীর দখল করে কাজীরবাজার মৎস্য আড়তদারদের নির্মিত সেই বিলাসী শৌচাগার আড়াই মাসেও অপসারণ হয়নি। কবে অপসারণ হবে তা কেউ বলতে পারছে না।
গত ২১ জুন প্রথম আলোয় এই শৌচাগারটি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। ২২ জুন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শনের পর প্রকৌশলীর দপ্তর শৌচাগার উচ্ছেদে আড়তদার সমিতিকে নোটিশ পাঠায়। ওই নোটিশে শৌচাগারের জায়গা পানি উন্নয়ন বোর্ডের বলে উল্লেখ করা হয়। বলা হয়, এই শৌচাগার নির্মাণ অবৈধ।
নোটিশ পেয়ে সমিতি দুই সপ্তাহের সময় চায়। ৭ জুলাই দুই সপ্তাহ পার হয়েছে। এরপর আড়াই মাস পেরিয়ে গেলেও শৌচাগার উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, শৌচাগারটি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মাণ করা হয়েছে। এটির বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশন ঢাকা কার্যালয় থেকে জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানতে চাওয়ায় সিটি করপোরেশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ থেকে সংগত কারণে বিরত রয়েছে।
এনামুল হাবীব বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের অধীন ‘জেলা নদী রক্ষা কমিটি’ নামে একটি আলাদা কমিটি রয়েছে। ওই কমিটি জেলা প্রশাসনের। শৌচাগার অপসারণ কাজটি সম্পূর্ণ এই কমিটির ওপর বর্তানোয় সিটি করপোরেশন এখন তাদের সহযোগিতা দেওয়ার জন্য অপেক্ষা করছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (সমন্বয়) ইকরামুল হক সিলেটের জেলা প্রশাসক বরাবর ‘জরুরি চিঠি’ দেন। জেলা প্রশাসক জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক হওয়ায় তাঁর কাছে ২২ জুন ওই চিঠি দিয়ে সাত কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলা হয়।
এ ব্যাপারে খোঁজ নিতে গেলে সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নদী রক্ষা কমিশনের ওই চিঠি হস্তগত হওয়ার পর জেলা প্রশাসনের জেলা নদী রক্ষা কমিটি কোনো ধরনের তদন্ত, পর্যবেক্ষণ বা সভা করেনি। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘জাতীয় নদী রক্ষা কমিশনের চিঠির বিষয়ে আমি কিছুই জানি না। কী পদক্ষেপ নেওয়া হলো, খোঁজ নিয়ে দেখব।’
সুরমাতীরে সিলেটের কাজীরবাজার মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতি দোতলা একটি ভবন নির্মাণ করে। সেখানে আটটি শৌচাগার তৈরি করে এগুলোর পাইপ দেওয়া হয় সরাসরি নদীতে। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জায়গার মালিক দাবি করে তখন বলেছিলেন, ‘মাছের বাজার ডিজিটাল রূপ দিতে শৌচাগার নির্মাণ করা হয়েছে।’ পরে সিটি করপোরেশনের তদন্তে জায়গা দখল করে শৌচাগার নির্মাণের বিষয়টি প্রমাণিত হলে তিনি দুই সপ্তাহ সময় চেয়ে অবৈধ শৌচাগার অপসারণে সম্মত হন।
জাহাঙ্গীর আলম বর্তমানে অসুস্থ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ৭ সেপ্টেম্বর তিনি প্রথম আলোকে বলেছিলেন, সুস্থ হলে বিষয়টি দেখবেন।