দুই সপ্তাহে ছয়টি ইফতারে ১৪৪ ধারা জারি
গত ১৫ দিনে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ছয়টি ইফতার পার্টিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনের এই হস্তক্ষেপের জন্য স্থানীয় সাংসদ সুবিদ আলী ভূঁইয়াকে দায়ী করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এলাকার সাবেক সাংসদ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সুবিদ আলী প্রশাসনকে ধমকায়ে আমাদের কর্মসূচি নির্ধারিত স্থানে হতে দিচ্ছেন না। ইফতারে বুট, মুড়ি ও পেঁয়াজুর সঙ্গে ১৪৪ ধারা আইটেমও যোগ হয়েছে। দেশের কোথাও এ ঘটনার নজির নেই।’ তিনি বলেন, ‘শত নিপীড়নেও বিএনপির ইফতার মাহফিল বন্ধ হয় না। বরং এটা আরও বড় আকারে অনুষ্ঠিত হয়।’অভিযোগ অস্বীকার করে সাংসদ সুবিদ আলী ভূঁইয়া বলেন, ‘প্রতিহিংসার রাজনীতিতে আমি বিশ্বাস করি না। রাজনীতি হলো শুভবুদ্ধির খেলা। প্রতিহিংসার রাজনীতি করলে ওনার (খন্দকার মোশাররফ) বিরুদ্ধে মামলা দিতাম। কিন্তু এ ধরনের রাজনীতি আমি করি না।’ তিনি আরও বলেন, ‘এ কথা সত্য যে খন্দকার মোশাররফ হোসেনের অতীতের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে জনগণ ক্ষিপ্ত হয়ে নানা কর্মসূচি দিয়ে থাকে। তাই প্রশাসন বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করে। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রোববার দাউদকান্দির শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদল ইফতার পার্টির আয়োজন করে। সুন্দলপুর ইউনিয়ন যুবলীগও গতকাল একই স্থানে ইফতার পার্টির ঘোষণা দেয়। এ অবস্থায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।এর আগে ২ সেপ্টেম্বর গৌরিপুরের মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজে দাউদকান্দি উপজেলা যুবদল ইফতার পার্টির আয়োজন করে। সেখানেও যুবলীগ পাল্টা ইফতার পার্টির ঘোষণা করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ৩০ আগস্ট রায়পুর কেসি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার পার্টির আয়োজন করে স্থানীয় যুবদল। সেখানে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় সংহতি পরিষদ পাল্টা ইফতার পার্টির ঘোষণা দেয়। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়। এ ছাড়া দাউদকান্দিতে আরও দুটি ইফতার পার্টিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে মেঘনা উপজেলার বালুর মাঠে গত ২২ আগস্ট উপজেলা বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। ওই দিন একই স্থানে স্থানীয় যুবলীগও ইফতার পার্টির ঘোষণা দেয়। প্রশাসন ওই দিন বেলা তিনটা থেকে পরদিন ভোররাত পর্যন্ত সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।দলীয় সূত্রে জানা যায়, ১৪৪ ধারা জারি করায় বিএনপির প্রতিটি ইফতার পার্টিই নির্ধারিত স্থানের পরিবর্তে অন্যত্র অনুষ্ঠিত হয়েছে।এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের বলেন, সংঘাত এড়ানোর জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডলও একই কথা বলেন।