দুই সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত দুই সপ্তাহে দুই শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ডায়রিয়া রোগে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ নেই। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ৬০ জন শিশু ভর্তি হয়েছে। ৩১ শয্যার এ হাসপাতালে গড়ে দৈনিক ৪৫ থেকে ৫৫ জন রোগী ভর্তি থাকে। এ অবস্থায় প্রয়োজনীয় শয্যার অভাবে ডায়রিয়ায় আক্রান্ত বেশির ভাগ শিশুকেই সাময়িক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
গতকাল বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত ছয়জন শিশু ভর্তি রয়েছে। শিশুদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডের বারান্দায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
মাইজবাড়ী গ্রামের নয় মাস বয়সী শিশু আবীর হাসানের মা সাফিয়া আক্তার বলেন, ‘ডায়রিয়া অওয়ায় ছেলেডারে লইয়া দুই দিন ধইর্যা এইহানে আছি। সরকারি কয়ডা স্যালাইন ছাড়া আর কিছুই দেয় নাই। বাইরে থাইক্যা ওষুধ কিইনা আনতে অইতাছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স মনোয়ারা বেগম বলেন, ‘হাসপাতালে শিশুদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে ভর্তি থাকা ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিরুপায় হয়ে বারান্দাতে রেখেই চিকিৎসাসেবা দিতে হচ্ছে। জনবল কম থাকায় রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ আবাসিক চিকিৎসা কর্মকর্তা ছানোয়ার হোসেন খান বলেন, গত দুই সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক শিশুকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দৈনিক ১০ থেকে ১৫ জন ডায়রিয়া আক্রান্ত শিশুকে হাসপাতালে আনা হচ্ছে। চাহিদার তুলনায় প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের অ্যান্টিবায়োটিক সিরাপ ও ইনজেকশন বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজুল ইসলাম খান বলেন, এ রোগ থেকে রক্ষা পেতে হলে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। অন্যান্য বয়সী শিশুকে গরম খাবার, বিশুদ্ধ পানি পান করানো ও খাবার খাওয়ানোর আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। একটু সচেতন হলে এ রোগ থেকে শিশুদের অনেকটাই রক্ষা করা সম্ভব।