দুই সপ্তাহে ডুবল দুবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার রাস্তাঘাট তলিয়ে গেছে। গতকাল পৌরসভার উত্তর বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার রাস্তাঘাট তলিয়ে গেছে। গতকাল পৌরসভার উত্তর বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জলমগ্ন হয়েছে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকা। এখানকার প্রায় ৫ হাজার ঘরবাড়ি ও দোকানে পানি উঠেছে। প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী। এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে গত শনিবারের অতিবৃষ্টিতে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ দুই উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে গতকাল রোববার বিকেল থেকে পানি নামতে শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

বড়লেখার জনপ্রতিনিধি, প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এতে গতকাল সকাল ৮টা থেকে পাহাড়ি ঢলে বড়লেখা পৌর এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

বড়লেখা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন গতকাল বলেন, ‘পানির অবস্থা খুবই খারাপ। বাজারে দোকানের পেছনে আমার বাসা। আমার বাসাতেও পানি উঠেছে। বাজার ও গ্রামের বেশির ভাগ ঘরবাড়িতে পানি উঠেছে। এখন ঈদের বাজার। কিন্তু মানুষ বাজারে আসতে পারছে না। বেচাকেনা বন্ধ। আজকের (গতকাল রোববার) পানিতে বেশি ক্ষতি হয়েছে।’ এ নিয়ে তৃতীয়বারের মতো বড়লেখা পৌর এলাকা তিনবার জলমগ্ন হলো বলে এই ব্যবসায়ী জানান।

স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার প্রায় সব জায়গাই প্লাবিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বালুরচর, ভোলাডহর, মুড়িরগুল, পানিধার, পাখিয়ালা, ইয়াকুব নগর, মুছেরগুল প্রভৃতি এলাকা। মৌলভীবাজার-বড়লেখা-বারইগ্রাম সড়কের বড়লেখার কাঁঠালতলী থেকে বড়লেখা ডিগ্রি কলেজ পর্যন্ত সড়কে স্থানীয় লোকজনকে হাঁটুপানি ঠেলে চলাচল করতে হচ্ছে। শহরের পানিধার এলাকায় খলিলুর রহমান নামের একজন গণমাধ্যমকর্মীর সাইকেল চালিয়ে যাওয়ার সময় পানির তোড়ে মোটরসাইকেলটি ভেসে গেছে। গতকাল রোববার বিকেল পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি।

এর আগে চলতি মাসের ৩ জুন এবং গত ৩০ মার্চ বড়লেখা পৌর এলাকা একইভাবে পাহাড়ি ঢলে তলিয়ে যায়। স্থানীয় লোকজন এ জন্য অতিবৃষ্টি, পৌর এলাকায় সুষ্ঠু ড্রেনেজব্যবস্থা না থাকা এবং পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ষাটমাছড়া ও নিকরিছড়া দুটি ভরাট হওয়াকে দায়ী করছেন।

বড়লেখার পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী গতকাল বলেন, ‘পানির অবস্থা ভয়াবহ। আমার আজকে (গতকাল রোববার) মৌলভীবাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির অবস্থা দেখে বাদ দিয়েছি। আশঙ্কা করেছিলাম ঢল হবে। ঠিকই শহর প্লাবিত হয়েছে। পৌরসভার কিছু উঁচু বাড়ি ছাড়া প্রায় বাসাবাড়িতেই পানি। কিছু জায়গা ছাড়া সারা বাজারই পানির তলে। অন্তত ১ হাজার দোকান, ৪ হাজার বাসাবাড়িতে পানি উঠেছে। পূর্বদিক থেকে পশ্চিম দিকে পানি গড়িয়ে নামছে। পানির চাপ সামলানো ও দ্রুত নামার জন্য একটি রাস্তা কেটে দেওয়া হয়েছে। মূলত ষাটমাছড়া ও নিকরিছড়া—এ দুটি ছড়া উপচে পানি এসে শহরে ঢুকে পড়ে। দুটি ছড়াই ভরাট হয়ে গেছে।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শহরে ড্রেনেজ বলতে কিছু নেই। যে কারণে পানি দ্রুত নামতে পারে না। পৌরসভাকে ড্রেনেজব্যবস্থা ঠিক করতে বলেছি।’

এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ভারতের সীমান্তবর্তী নদী থেকে পাহাড়ি ঢল গত শনিবার ভোরের দিক থেকে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই, সুনাই ও উৎমা নদী দিয়ে তীব্র বেগে নামতে থাকে। সকালের দিকে এসব নদীর পানি উপচে চারপাশ তলিয়ে যায়।

উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, বন্যায় উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং অন্তত অর্ধশতাধিক কাঁচা বাড়িঘর ভেসে গেছে।

আকস্মিক বন্যায় কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি, ঢালারপাড়, মোস্তফানগর, চানপুর বস্তি; পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি, শাহ আরফিন বাজার এলাকা, নয়া গাঙের পাড় এবং উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ, নাজিরেরগাঁও, মাঝেরগাঁও, গরমসিদ্দিকপুর গ্রামগুলো তলিয়ে যায়।

এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার ডাউকি নদীর পানি উপচে উপজেলার লক্ষ্মী হাওর, কচুয়ারপাড়, রানিগঞ্জ, জাঙ্গাইল, পাইকরাজ, ঘোড়ামারাসহ অন্তত অর্ধশতাধিক গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহউদ্দিন বলেন, ‘শনিবার ভোরের দিকে আকস্মিক ঢলে উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছিল। তবে আজ (গতকাল রোববার) বিকেল থেকে পানি নামতে শুরু করেছে। এখন প্রায় এলাকাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পুনরায় বৃষ্টি না হলে দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়বে।’