দুই সপ্তাহে ১৫০টি ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া গ্রামের ঘরবাড়ি। এ কারণে ঘরের ছাউনি ও বেড়া খুলে নিয়ে যাচ্ছেন কয়েক ব্যক্তি। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
নদী ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া গ্রামের ঘরবাড়ি। এ কারণে ঘরের ছাউনি ও বেড়া খুলে নিয়ে যাচ্ছেন কয়েক ব্যক্তি। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। দুই সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ১৫০টি ঘরবাড়ি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আটটি গ্রাম। ভাঙন-আতঙ্কে এসব গ্রামের বাসিন্দারা দিশাহারা হয়ে পড়েছেন।
ঝুঁকিতে থাকা গ্রামগুলো হলো ধূলিয়া, ঘুচরাকাঠী, মঠবাড়িয়া, নিমদী, ধানদী, বাহেরচর, হাজীপুর ও রগুনুদ্দিন।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় তেঁতুলিয়া নদী থেকে প্রায় ২০ ফুট দূরের একটি ঘরের বেড়া ও ছাউনি খুলে ফেলা হচ্ছে। ঘরটির মালিক মো. বজলু তালুকদার (৪০)। তিনি বলেন, যেকোনো মুহূর্তে তাঁর ঘরটি নদী গ্রাস করবে। এ কারণে বেড়া ও ছাউনি খুলে সরিয়ে নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র দুই সপ্তাহের ভাঙনে ঘুচরাকাঠী, মঠবাড়িয়া ও ধূলিয়া গ্রামের কমপক্ষে ১২০টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে ধূলিয়া এনকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক সাধারণ সম্পাদক ভাষাসৈনিক সৈয়দ আশরাফ হোসেনের কবর ও বাড়ি। এ ছাড়া এ গ্রামের আরও কয়েক শ বাসিন্দা দিশাহারা হয়ে পড়েছেন।
তেঁতুলিয়া নদী থেকে কয়েক ফুট দূরে ধূলিয়া গ্রামে মো. হুমায়ন কবির দেওয়ানের ঘর। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইতিমধ্যে তাঁর রান্নাঘর নদীর পেটে গেছে। তিনি বলেন, যেকোনো মুহূর্তে তিনি ও তাঁর বড় ভাইয়ের ছেলে মিন্টু দেওয়ানের ঘরটি ভেঙে যাবে। ভাঙন রোধে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই এলাকার আরও পাঁচ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে।
সৈয়দ আশরাফ হোসেনের বাড়িটিতে থাকেন তাঁর ভাতিজা সৈয়দ নাজমুল হক। তিনি বলেন, যেভাবে ভাঙছে, তাতে তাঁদের বাড়িও হুমকির মুখে পড়েছে। এরপরও ইতিমধ্যে নদীভাঙনের কবলে পড়ে ভিটে ও ঘরবাড়ি হারিয়ে ১০টি পরিবার তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
ওই বাড়িতে আশ্রয় নেওয়া জেলে মো. আবদুস ছালাম (৪০) বলেন, ‘নদীতে সব লইয়া গেছে। বউ, পোলাপাইন লইয়া হ্যাগো বাড়িতে আশ্রয় নিছি। এই রহম ভাঙতে থাকলে কয় দিনের মধ্যে হ্যাগো বাড়িও নদীতে লইয়া যাইবে। কই যামু, কী করমু, কী খামু এই চিন্তায় কিছুই ভাল্লাগে না। ভাঙন ঠেহানোর ব্যবস্থা করা দরকার।’
আর লোহালিয়া নদীর ভাঙনের কবলে পড়ে এ সময়ের মধ্যে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর, হাজীপুর ও রগুনুদ্দিন গ্রামের কমপক্ষে ৩০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে চর রগুনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে তিন-চার বছর ধরে তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনে নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিলীন হয়ে যাচ্ছে এ ইউনিয়নের ডালিমা গ্রাম।
ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনিচুর রহমান প্রথম আলোকে বলেন, দুঃখ প্রকাশ করা আর চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নাই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খুব শিগগির যাতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, সেই লক্ষ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে।