দুই সপ্তাহে ১৬০ পরিবার বাস্তুচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত দুই সপ্তাহে প্রায় অর্ধশত পরিবারের ভিটামাটি পদ্মায় বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে সিদ্দিক কাজীপাড়ায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত দুই সপ্তাহে প্রায় অর্ধশত পরিবারের ভিটামাটি পদ্মায় বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে সিদ্দিক কাজীপাড়ায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তিনটি গ্রামে গত দুই সপ্তাহে অন্তত ৫০টি পরিবারের ভিটেমাটি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। তীরবর্তী আরও ১১০টি পরিবার ঘরদোর সরিয়ে নিয়েছে। তারা রাস্তার পাশে ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভাঙনের আতঙ্কে আছে আটটি গ্রামের প্রায় এক হাজার পরিবার।

গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাটের পূর্ব দিকে বাহির চর দৌলতদিয়া ও ছাত্তার মেম্বার পাড়া এবং ফেরিঘাট-সংলগ্ন সিদ্দিক কাজী পাড়া গ্রামে অনেক শূন্য ভিটা। ভাঙনের ঝুঁকি নিয়ে নদীর পাড় দিয়ে আছে ৩০০ থেকে ৪০০ পরিবার। ঝুঁকিতে থাকা অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানতে চাইলে ছাত্তার মেম্বার পাড়ার বাসিন্দা কুদ্দুস মোল্লা (৪৮) প্রথম আলোকে বলেন, প্রায় ১৫ বছর ধরে স্ত্রী ও চার সন্তান নিয়ে বাস করছেন। পদ্মার ভাঙনের কারণে তাঁর আশপাশের প্রায় ৪০টি পরিবার অন্যত্র চলে গেছে। তিনিও দু-তিন দিনের মধ্যে পাশের শাহাদৎ মেম্বার পাড়ায় আশ্রয় নেবেন।

বাহির চরের রাশেদা বেগম, শামীম মণ্ডল, জসিম শেখসহ কয়েকজন বলেন, এক–দেড় মাস ধরে ভাঙন শুরু হয়েছে। বর্ষা মৌসুমে নদীতে প্রচণ্ড স্রোত দেখা দেয়, বড় বড় ঢেউ ওঠে। তখন ভাঙন বেড়ে যায়। এই এলাকায় ভাঙনের শিকার ৩০টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাদের কেউ কেউ ফেরিঘাট বাইপাস সড়কের পাশের ফসলি জমিতে, অন্যরা দূরে কোথাও আশ্রয় নিয়েছে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে আরও ৬০ থেকে ৭০টি পরিবার অন্যত্র চলে গেছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, ফেরিঘাটের কাছাকাছি বাহির চর দৌলতদিয়া, ছাত্তার মেম্বার পাড়া ও সিদ্দিক কাজী পাড়ায় ভাঙনের মাত্রা বেড়ে গেছে। গতকাল বুধবার পর্যন্ত দুই সপ্তাহে অন্তত ১৬০টি পরিবার ভাঙনের শিকার হয়ে অন্যত্র চলে গেছে। এর মধ্যে অন্তত ৫০টি পরিবারের ভিটেমাটি সম্পূর্ণ পদ্মায় বিলীন হয়ে গেছে। এ ছাড়া ঢল্লা পাড়া, আফছের শেখ পাড়া, নতুন পাড়া, লালু মণ্ডল পাড়া, মজিদ শেখ পাড়ায় গত ১০ দিন ধরে ভাঙন শুরু হয়েছে। আটটি গ্রামের প্রায় এক হাজার পরিবার ভাঙনের আতঙ্কে রয়েছে। তাদের দ্রুত স্থানান্তর করতে হবে। তা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী গত সপ্তাহে সিদ্দিক কাজী পাড়া ও ছাত্তার মেম্বার পাড়া পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) বালুভর্তি জিও ব্যাগ ফেলে অন্তত ফেরিঘাটের কাছে এলাকা রক্ষার কথা বলেন। সেই সঙ্গে সর্বশেষ অবস্থা সংসদে উত্থাপনসহ ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছেন।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল বলেন, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় এক কোটি টাকার বালুভর্তি জিও ব্যাগ ফেলার অনুমোদন রয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মা তীরবর্তী অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের শিকার পরিবারগুলোর তালিকা করে সহযোগিতা দেওয়ার চেষ্টা চলছে।