দুই সপ্তাহে ৫০টি পরিবারের বসতভিটা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর প্রবল স্রোতে দুই তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে ভাঙনের কবলে পড়ে নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের প্রায় ৫০টি পরিবারের বসতভিটাসহ আরও ১০ একর আবাদি জমি বিলীন হয়েছে।
গত বুধবার সরেজমিন দেখা যায়, ফরিদপুর গ্রামে নদীর ভাঙনে অনেক বসতভিটা বিলীন হওয়ার উপক্রম। দু-তিনটি পরিবারের সদস্যরা তাদের ঘর ভেঙে ও গাছপালা কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। এ সময় তিন-চারজন জানান, গত দুই সপ্তাহে এই গ্রামের প্রায় ৫০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। সেই সঙ্গে বিলীন হয়েছে এলাকার রাস্তাঘাট ও প্রায় ১০ একর আবাদি জমি। ভাঙন এলাকার মানুষ জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে।
গ্রামের জামাল উদ্দীন বলেন, ‘নদীভাঙনের শিকার হয়ে হামি চারবার বাড়িঘর অন্য জায়গায় সরে নিছি। আবারও বাড়িঘর নদীভাঙনের মুখে পড়েছে। এখন আর বাড়িঘর সরানোর হামার কোনো জায়গা নাই। তাই অন্যের নিকট থেকে জায়গা চেয়ে নিয়ে একটি ঘর করে বসবাস করছি।’
একই গ্রামের সিরাজ উদ্দীন বলেন, প্রতিবছর বর্ষার সময় এলেই নদীভাঙন তীব্র আকার ধারণ করে। নদীভাঙনের ফলে তাঁদের এই গ্রামের অনেক মানুষ আবাদি জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন বলেন, দীর্ঘদিন ধরে বাঙ্গালী নদীতে ভাঙন চলছে। এ বিষয়ে বারবার উপজেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু ভাঙনরোধে সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোত্তালেব বলেন, বাঙ্গালী নদীর ভাঙনরোধে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জরুরি ভিত্তিতে ভাঙনরোধের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ধুনট উপজেলার উত্তর-পশ্চিম পাশ দিয়ে বাঙ্গালী নদী প্রবাহিত হয়েছে। উত্তরে ধামাচাপা-সাতবেকি গ্রাম থেকে শুরু হয়ে দক্ষিণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি। এই নদীর দুই পাশে ধুনট ও শেরপুর উপজেলার প্রায় অর্ধশত গ্রাম রয়েছে। এর মধ্যে গত এক বছরে সাতবেকি, পিরাপাট, ডেকরাঘাট, ধামাচামা, জয়শিং, নান্দিয়ারপাড়া, বেড়েরবাড়ী, নাংলু, ফরিদপুর, নিমগাছি, হেউটনগর, হাসাপোটল, রামনগর, বিলচাপড়ি, ঝাঝর, বিলনোথার নলডেংগি বরইতালি রাঙামাটি, শৈলমারী, নবীনগর, বথুয়াবাড়ী, বিলকাজুলী, চকধলী, শাকদহ, কল্যাণী, বেলগাছি, পেচিবাড়ীসহ এসব গ্রামের ২০০ পরিবার ভাঙনের শিকার হয়েছে।