নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর ব্যাপক ভাঙনে গত দুই সপ্তাহে ৬০টি বাড়ি বিলীন হয়েছে এবং আরও ১৫০টি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে এই এলাকায় বড় বেড়িবাঁধের আধা কিলোমিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। সর্বস্ব হারা উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামের নিখিল দাস বলেন, ‘আগুনে পুড়লি ভিটে থায়ে। কিন্তু নদীতি গিলি কিছুই থায়ে না। আমরা এহোন পরের জাগায় ঘর বান্দে আছি। আমাগে কষ্টের খবর কেউ নেয় না।’ তিনি জানান, তাঁর মতো আরও ৫৯টি পরিবার নদীভাঙনে সব হারিয়ে এখন পথে বসেছে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাটনা থেকে দেবীপুর গ্রাম পর্যন্ত নদীটি বাঁক নেওয়ায় বড় বেড়িবাঁধের আধা কিলোমিটার পুরোপুরি বিলীন হয়েছে। এ ছাড়া এই বাঁকে নদীর পাড় থেকে ১০০ গজ দূরে নির্মাণ করা রিংবাঁধ উপচে জোয়ারের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করছে। নদীভাঙা লোকজন গ্রামের কাছেই ঝুপড়ি ঘর তুলে বসবাস করছেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাটনা গ্রামের এই বাঁক থেকে নদীর পানির স্রোত দেবীপুর গ্রামে আঘাত হানায় এবার ভাঙন প্রকট হয়েছে। সালামাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের ৮০ শতাংশ জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। পাটনা থেকে দেবীপুর গ্রাম পর্যন্ত বেড়িবাঁধ ইতিমধ্যে বিলীন হয়েছে। ইউপি সদস্য মো. লোরান শেখ জানান, দুই সপ্তাহে গ্রামের নিখিল দাস, সুভাষ দাস, গৌর দাস, পলাশ দাস, পংকজ দাস, বিমল দাস, জাহিদুল শেখ, রেজাউল শেখ, পাগল সালাম, সদরউদ্দীন, দুলন শেখ, মিজানুর শেখ, জাহাঙ্গীর শেখসহ ৬০টি পরিবারের সর্বস্ব নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও ১৫০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। ছোট এবং নিচু করে রিংবাঁধ নির্মাণ করায় লবণাক্ত জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে ফসলি জমিসহ প্রায় ৩০টি পানের বরজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।ইউপি চেয়ারম্যান এস এম নাজমুল ইসলাম বলেন, দেবীপুর মৌজার বেশির ভাগ অংশ এখন নবগঙ্গা নদীর ভেতর। ভাঙনের হাত থেকে দেবীপুর গ্রামবাসীকে রক্ষা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ ফারুক আহমেঞ্চদ বলেন, ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আলী বলেন, কালিয়া উপজেলার কয়েকটি এলাকায় এ ধরনের ভাঙন দেখা দিয়েছে। এখানে স্থায়ী কোনো প্রতিরক্ষা বাঁধ এ মুহূর্তে নির্মাণের পরিকল্পনা নেই। তবে জায়গা পাওয়া গেলে বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করা যেতে পারে। উপজেলার ভাঙনকবলিত পাটনা গ্রাম এলাকায় সোয়া ছয় লাখ টাকা ব্যয়ে এক হাজার ৭০০ ফুট দীর্ঘ একটি রিংবাঁধ নির্মাণের কাজ চলছে।