দুই সপ্তাহেও ত্রাণ মেলেনি, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন
শেরপুর জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ছোট ঝাউয়ের চর গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। কিছু লোক দিনমজুরি, আসবাব তৈরি, ক্ষুদ্র ব্যবসা ও দুধ বিক্রি করে সংসার চালান। গ্রামের বেশির ভাগ মানুষের ঘরে বন্যার পানি। গবাদিপশুগুলো গোয়ালঘর থেকে সরিয়ে সড়কে এনে রেখেছে তারা। এ পরিস্থিতিতে অনেকের আয়রোজগার বন্ধ। ঘরে চাল–ডাল ফুরিয়ে গেছে। বন্যার পানি উঠার দুই সপ্তাহ পার হলেও কোনো ত্রাণ পায়নি তারা। ফলে অর্ধাহারে–অনাহারে দিন কাটছে তাদের।
সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে ছোট ঝাউয়ের চর গ্রাম। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামে গেলে কথা হয় কৃষক মো. আলমাছ আলীর সঙ্গে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেমন আছেন জানতে চাইলেই তিনি বলেন, ‘প্রায় প্রত্যেক বছরই বন্যা হয়। এইবারও হইছে। বন্যায় ঘরবাড়িতে পানি উঠছে। ঘরে থাকনের অবস্থা নাই। তবু পানির সঙ্গে লড়তাছি। দুই সপ্তাহ হইল বন্যা আইছে। কিন্তু দুই সপ্তাহেও কেউ আমগো খোঁজ নেয় নাই। কেউ কোনো সাহায্যও দেয় নাই। অহন আমরা চরম কষ্টের মধ্যে খায়া-না খায়া দিন কাটাইতাছি।’ বন্যায় আলমাছ আলীর মতো ছোট ঝাউয়ের চর গ্রামের ১০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছোট ঝাউয়ের চর গ্রামের কৃষক আবদুল ছোবাহান বলেন, ‘কৃষিকাজ কইরা সংসার চালাই। ২ শতাংশ জমিতে লাউয়ের খেত ও ৫ শতাংশ জমিতে আমন বীজতলা করছিলাম। বন্যায় সব শেষ হইয়া গেছে। হাতে টাকাপয়সা নাই। ঘরে খাবারের অভাব। অহন আমগো ত্রাণ প্রয়োজন।’ একই গ্রামের আরেক কৃষক মো. সোলায়মান বলেন, ‘২৫ শতাংশ জমিতে কলাবাগান করেছিলাম। প্রায় এক লাখ টাকা খরচ হয়েছিল। কিন্তু বন্যায় পুরো বাগান নষ্ট হয়ে গেছে। এতে চরম আর্থিক ক্ষতিতে পড়েছি। এখন সামনের দিনগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
বন্যাকবলিত ছোট ঝাউয়ের চর গ্রামের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ আল মামুন প্রথম আলোকে বলেন, গ্রামটি পরিদর্শন করে বন্যাকবলিত মানুষের জন্য দ্রুত ত্রাণসহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানি সামান্য কমলেও শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে শেরপুর পৌরসভার কয়েকটি এলাকাসহ সদর উপজেলার ৯ ইউনিয়নের ৭৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৭৫ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার পানিতে ডুবে দেড় সপ্তাহে ছয়জনের মৃত্যু হয়েছে। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়াদোকান ও শিমুলতলি এলাকা দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ১৪ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।