দুই সপ্তাহের ব্যবধানে পাটের দরপতন
মৌসুমের শুরুতে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার হাটবাজারগুলোতে প্রতি মণ পাট বিক্রি হয়েছে এক হাজার ৯০০ থেকে দুই হাজার ১৫০ টাকায়। পাটের এমন দামে দুই উপজেলার কৃষকেরা খুশিই ছিলেন। কিন্তু মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পাটের দাম কমে এসে দাঁড়িয়েছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৭০০ টাকায়। কোথাও কোথাও এক হাজার ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে।এমন দরপতনে পাটচাষিরা হতাশ হয়ে পড়েছেন। বিছাপোকার আক্রমণসহ নানা সমস্যায় পাটের ফলন এবার কম হয়েছে। তার ওপর বর্তমান বাজারদরে পাটচাষিরা লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছেন না বলে জানা গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গত তিন বছর পাটের ভালো দাম পেয়ে এবার বেড়া ও সাঁথিয়া উপজেলার কৃষকেরা ব্যাপক আগ্রহ নিয়ে পাট চাষে নামেন। এবার বেড়ায় দুই হাজার ৯০০ হেক্টর (গতবার ছিল এক হাজার ৬০০ হেক্টর) ও সাঁথিয়া উপজেলায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে (গতবার ছিল সাড়ে পাঁচ হাজার হেক্টর) পাটের আবাদ হয়েছে। কৃষকেরা জানান, বেশি জমিতে পাটের আবাদ হলেও বিছা পোকার আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার পাটের ফলন আশানুরূপ হয়নি। এ ছাড়া এবার পাটের মানও বেশ খারাপ হয়েছে। এ জন্য পাটচাষিরা আগে থেকেই লাভ কম হওয়ার আশঙ্কায় ছিলেন। আর এখন দ্রুত দরপতনে তাঁরা উৎপাদন খরচ না ওঠার আশঙ্কায় রয়েছেন।গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই উপজেলার চতুরহাট, কাশীনাথপুর হাট, সাঁথিয়া হাট, বনগ্রাম হাটসহ বিভিন্ন হাট ঘুরে প্রতিমণ পাট এক হাজার ২০০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সাঁথিয়ার বনগ্রাম হাটে পাট বিক্রি করতে আসা চরভদ্রকোলা গ্রামের কৃষক হেলাল উদ্দিন বলেন, ‘এক সপ্তাহ আগে এক হাজার ৬০০ টাকা মণ দরে পাট বেচছি। আর আইজ বেচল্যাম এক হাজার ৩০০ টাকায়। গতবার একেক বিঘায় ১২ মণ পাট পাইছি। এবার খ্যাতে ছ্যাঙা (বিছাপোকার স্থানীয় নাম) লাগায় বিঘায় পাঁচ মণ কইর্যা পাট পাইছি। এমনিতেই ফলন কম হইছে, তার ওপর দামও কুম্যা যাওয়ায় আবাদের খরচই এবার তুলব্যার পারত্যাছি না।’বেড়ার চতুরহাটে কথা হয় পাট ব্যবসায়ী শামসুল হকের সঙ্গে। তিনি জানান, দুই সপ্তাহের মধ্যে পাটের দাম মণপ্রতি ৩০০ টাকার বেশি কমেছে। এ ছাড়া এবার বাজারে যে পাট উঠছে তার মান অন্যান্যবারের চেয়ে বেশ খারাপ। এদিকে বেড়ার সরকারি ও বেসরকারি পাটকলগুলোর ক্রয়কেন্দ্রে ২৫-৩০ দিন ধরে পাট কেনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাভুক্ত গুল আহমেদ জুট মিলস আট হাজার মণ, লতিফ বাওয়ানি জুট মিলস সাড়ে ছয় হাজার মণ ও আমিন জুট মিলস চার হাজার মণ এবং বেসরকারি জনতা জুট মিলস প্রায় ৭০ হাজার মণ পাট কিনেছে। পাট ক্রয়কেন্দ্রগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেল, শুরুতে তাঁরা যে দামে পাট কিনেছেন, এখন তার চেয়ে ২৫০-৩০০ টাকা কমে পাট কিনছেন। তাঁরা জানান, এর আগে বৃষ্টির কারণে হাটে আমদানি কম ছিল। আর এখন টানা রোদ পেয়ে ও ঈদের কেনাকাটার খরচ জোগাতে কৃষকেরা হাটে বিপুল পরিমাণ পাট নিয়ে আসছেন। আমদানি বেড়ে যাওয়ায় পাটের এমন দরপতন হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।