দুই সপ্তাহের ভাঙনে ২০০ ভিটা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজীবপুরের দুটি ইউনিয়নে ব্রহ্মপুত্রের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নয়াচর সবুজপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কুড়িগ্রামের রাজীবপুরের দুটি ইউনিয়নে ব্রহ্মপুত্রের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নয়াচর সবুজপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নয়াচর ও কোদালকাটি বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাঙন দেখা দিয়েছে। গতকাল সোমবার পর্যন্ত দুই সপ্তাহে দুই শতাধিক পরিবারের বসতভিটা নদে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য সম্প্রতি এলাকার লোকজন তীরে মানববন্ধন করেছেন।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার ও কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি বাজার এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে আসা পানির তোড়ে নদের পাড় ভেঙে যাচ্ছে। ভাঙনে বিলীন হয়েছে দিয়ারারচর, সবুজপাড়া, গোয়ালপাড়া ও বাজারপাড়া। হুমকির মুখে পড়েছে দিয়ারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নয়াচর গোয়ালপাড়া গ্রামের দিনমজুর চান মিয়া বলেন, ‘হুগনা মৌসুমে নদের এমন ভাঙন আগে দেহি না। এক সপ্তাহ আগে বাড়ি-ভিটা নদের প্যাটে গেছে। নিজের জমি নাই। মানসের জায়গায় পইড়া আছি।’
একই গ্রামের হাফিজা বেওয়া বলেন, ‘মাথা গোঁজার একটু জায়গা আছিল। হেডাও শ্যাষ। অহন নিরুপায় হইয়া পড়ছি।’
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস খাতুন বলেন, এ মুহূর্তে ভাঙনরোধে উদ্যোগ না নিলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে ইউনিয়নবাসী। গত সোমবার পর্যন্ত ১২ দিনের ব্যবধানে ছয় গ্রামের দুই শ পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে বহু পরিবার।
কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, এ ইউনিয়নের বাজারপাড়া, সাজাই, সাজাই হাটুদেওয়ানীপাড়া, মধ্য সাজাই, কারিগরপাড়াসহ দুই কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে ইউনিয়নটিই আর খুঁজে পাওয়া যাবে না।
গত বৃহস্পতিবার নদের ভাঙন প্রতিরোধে নয়াচর এলাকার লোকজন মানববন্ধন করেন। এতে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন, নয়াচর ও কোদালকাটিতে নদীভাঙনের বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। নদীভাঙন ও তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়টি উপজেলা সমন্বয় সভার কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান গতকাল বলেন, ‘নয়াচর বাজার এলাকায় আমরা এরই মধ্যে বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলেছি। এ ছাড়া সাড়ে সাত কিলোমিটার এলাকাজুড়ে একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে দাখিল করেছি। প্রকল্প অনুমোদন ও অর্থ পাওয়া গেলে কাজ শুরু করা সম্ভব হবে।’