দুই সপ্তাহের মধ্যে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন কার্যকরের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের জন্য একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন৷
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চে গতকাল এই রিট আবেদনের শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর৷ সঙ্গে ছিলেন আইনজীবী আজম খান৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়৷
সৈয়দ মহিদুল কবীর প্রথম আলোকে বলেন, আদালত প্রজ্ঞাপন জারি ও রুলের পাশাপাশি নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন-সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৬ জুনের মধ্যে দাখিল করার জন্য খাদ্যসচিবকে নির্দেশ দিয়েছেন৷
১৮ মে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের পক্ষে ওই রিট আবেদনটি করা হয়৷ আবেদনে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৭ ধারা অনুসারে ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ ও ১৫ ধারা অনুসারে ‘কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’ গঠনের জন্য খাদ্যসচিবকে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানাতে রুল চাওয়া হয়৷ এ ছাড়া রুল বিবেচনাধীন থাকা অবস্থায় সাত দিনের মধ্যে একটি স্বাধীন এনকোয়ারি কমিটি গঠন করতে আইনসচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়৷ নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন না হওয়ার মূল কারণগুলো বের করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য এনকোয়ারি কমিটির প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে৷