
অরাজনৈতিক একটি সংগঠনের নির্বাচনেও জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। দুই প্রার্থী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সরে দাঁড়ানোয় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হয়েছেন আ জ ম নাছির উদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল শনিবার িদ চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার ঘোষণা দিয়ে চৌধুরী মো. সাহাবউদ্দিন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। আগের দিন শুক্রবার সরে দাঁড়ান চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক। তবে মালেক প্যানেলের সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়জন ভোটযুদ্ধে ছিলেন।
নির্বাচনে ভোটার ৩ হাজার ৭৫ জন। এর মধ্যে ১ হাজার ২৬১টি ভোট পড়ে।
নির্বাচনে ব্যাপক জাল ভোট পড়ার কথা উল্লেখ করে আবদুল মালেক প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহফুজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভদ্রলোকেরা এই নির্বাচনের ভোটার। নির্বাচনের পরিবেশ দেখে আমরা হতাশ। কারণ জাল ভোট চ্যালেঞ্জ করার সময় আমি নিজেই হুমকির শিকার হয়েছি। অপরিচিত ছেলেরা এসে জাল ভোট দিয়ে যাচ্ছিল।’ তিনি বলেন, ‘শুক্রবার রাতে আমরা ভোটারদের জন্য প্যান্ডেল টাঙানোর চেষ্টা করি। এ সময় আমাদের পক্ষের একজনকে প্রতিপক্ষের দুই ক্যাডার পিটিয়ে আহত করে। এতে ভদ্রলোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
নির্বাচনে জাল ভোট দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুপুরের দিকে জাল ভোটের অভিযোগ পেয়েছিলাম। ওই অভিযোগের পরপরই সোসাইটির ডাইরেক্টরিতে থাকা ছবির সঙ্গে মিলিয়ে ভোট নেওয়ার নির্দেশনা দিই।’
গতকাল নাসিরাবাদের অংকুর স্কুলের ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, নাছির প্যানেলের সমর্থকদের ভোটার নয় এমন তরুণেরা ভিড় করেছেন। ভোটকেন্দ্রের বুথেও তাঁদের আনাগোনা দেখা যায়।
প্রবাসী আওয়ামী লীগের এক নেতা গতকাল কৌতূহল নিয়ে ভোটচিত্র দেখতে অংকুর স্কুল কেন্দ্রে যান। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, ‘বন্ধুদের উৎসাহে দুটি জাল ভোট দিয়েছি। একটি একজন চিকিৎসকের ছিল, অন্যজন ভোটারের গ্রামের বাড়ি কক্সবাজার এলাকায়।’
হাউজিং সোসাইটির আরেক ভোটার আসিফ সিরাজ প্রথম আলোকে বলেন, ‘সোসাইটির ভোটার পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট দেখিয়ে ভোট দেওয়ার নিয়ম ছিল। এবার এসবের তোয়াক্কা করা হয়নি। ফলে ফ্রি স্টাইলে জাল ভোট দিয়েছে বহিরাগত যুবকেরা।’
খুলশী এলাকার নারী ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বুথে যাওয়ার এখতিয়ার কেবল ভোটারের। কিন্তু একজন সভাপতি প্রার্থীর ক্যাডারদের বিচরণ দেখে আমরা স্তম্ভিত।’
রাতে ফল ঘোষণার পর দেখা যায়, নির্বাচনে আ জ ম নাছির উদ্দিনের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। সভাপতি পদে আ জ ম নাছির উদ্দিন ১ হাজার ৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক পান ১৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী চৌধুরী মো. শাহাবুদ্দিন বাবর পান ১৭ ভোট। এই দুজন ভোট থেকে সরে দাঁড়ালেও ব্যালটে তাঁদের নাম ছিল। সহসভাপতি পদে মো. ইদ্রিস ৭৪৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মালেক প্যানেলের এম আলী আশরাফ পেয়েছেন ৪৭৩ ভোট। সম্পাদক পদে কফিল উদ্দিন ইউসুফ পান ৯০৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মাহফুজুল হক চৌধুরী ৩০২ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মোফাখখারুল ইসলাম খসরু পান ৮৫৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পান ৩৫০ ভোট। সদস্য পদে নাছির প্যানেলের আটজন নির্বাচিত হয়েছেন।
নাম প্রকাশ না করে একজন ভোটার প্রথম আলোকে বলেন, ‘আমি ভোট দিতে গিয়েছিলাম। তখন বলা হয়, আপনার ভোট দেওয়া হয়েছে। এ কথা শুনে আমি চলে আসি।’
জাল ভোটের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে আ জ ম নাছির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।