দুই সমিতির দ্বন্দ্ব, কারখানা থেকে পাঁচ দিন ধরে সার সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক মালিক সমিতি ও পরিবহন ঠিকাদার সমিতির সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে জিয়া সার কারখানা থেকে পাঁচ দিন ধরে সড়কপথে সার সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ডিলাররা সরবরাহ নিতে পারছেন না। এতে ওই পাঁচ জেলায় সারের সংকট সৃষ্টি হয়েছে।ট্রাক মালিক সমিতির সদস্যরা জানান, তাঁদের সমিতির নিয়ন্ত্রণে ২৫০টি ট্রাক পাঁচ জেলায় সার পরিবহন করে আসছে। নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে পরিবহন ঠিকাদার সমিতি জিয়া সার কারখানা থেকে সারের বস্তা নিয়ে গন্তব্যে পাঠিয়ে থাকে। ছয় মাস ধরে পরিবহন ঠিকাদার সমিতির সদস্যরা ডিলারদের কাছ থেকে ট্রাকভাড়া বাবদ যত টাকা আদায় করছেন, তা থেকে তাঁদের (ট্রাক মালিক সমিতির সদস্যদের) কম বুঝিয়ে দিচ্ছেন। পরিবহন ঠিকাদার সমিতির সদস্যরা নির্দিষ্ট কমিশনে রাজি না হয়ে তাঁদের ইচ্ছামতো টাকা আদায় করতে চান। ট্রাক মালিক সমিতির সদস্যরা এতে রাজি হননি। এ কারণে তাঁরা গত শনিবার থেকে ট্রাকে কোনো মালামাল পরিবহন করছেন না, আবার কাউকে করতেও দিচ্ছে না।আশুগঞ্জ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জানান, পরিবহন ঠিকাদার সমিতির সদস্যরা কোনো বিধানই মানছেন না। কোনো রকম পুঁজি না খাটিয়ে তাঁরা বেশি লাভ চাচ্ছেন।আশুগঞ্জ পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক বকুল মিয়া বলেন, ‘আশুগঞ্জ ট্রাক মালিক সমিতির সদস্যরা চাচ্ছেন তাঁদের ট্রাক ছাড়া অন্য কোনো জেলার ট্রাক যেন জিয়া সার কারখানা থেকে সার পরিবহন করতে না পারে। কিন্তু আমরা এই নিয়মের বিরোধিতা করি। এ নিয়েই মূলত তাঁদের সঙ্গে আমাদের মতবিরোধ দেখা দেয়।’বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি আসাদুজ্জামান ফারুক বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে সার সরবরাহ বন্ধ রয়েছে। বোরো মৌসুমের শুরুতে পাঁচ দিন ধরে সার সরবরাহ বন্ধ থাকায় ডিলাররা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ সরবরাহ না থাকায় তাঁরা কৃষকদের চাহিদামতো সার দিতে পারছেন না।