দুই সমিতির দ্বন্দ্ব, ভোগান্তি বাস যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও নওগাঁ সড়ক পরিবহন সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ বাসযাত্রীরা। এক জেলার বাস অপর জেলার সীমানায় ঢুকতে পারছে না। এ কারণে যাত্রীদের তিনবার বাস বদল করতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নওগাঁগামী বাসগুলো রাজশাহী জেলার শেষ সীমানা কামারপাড়া পর্যন্ত আসছে।আবার নওগাঁ থেকে রাজশাহীগামী বাসগুলো নওগাঁ জেলার শেষ সীমানা চৌদ্দমাইল পর্যন্ত এসে যাত্রী নামাচ্ছে। এ কারণে নওগাঁর কয়েকটি উপজেলার যাত্রীদের তিনবার পর্যন্ত বাস বদল করতে হচ্ছে। অথচ তারা এর আগে এক বাসেই রাজশাহীতে আসতে পারত। বিশেষ করে, যারা নওগাঁ থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে, তাদের দুর্ভোগ হচ্ছে সবচেয়ে বেশি।বাস যাত্রীরা জানায়, গত ২০ এপ্রিল থেকে দুই জেলার বাস মালিক সমিতি সড়ক ভাগাভাগি করে নেওয়ার পর থেকে তারা এই ভোগান্তি পোহাচ্ছে। ২০১০ সালের ডিসেম্বর মাসে এ রকম ভাগাভাগির ঘটনা ঘটেছিল। সে সময় যাত্রীদের দুই মাস চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের সবুজ সরকার রাজশাহী কলেজের শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বাড়ি থেকে রাজশাহী আসতে তাঁকে তিনবার বাস বদল করতে হয়েছে। সবুজ সরকার বলেন, আগে তিনি তাঁর গ্রাম থেকেই বাসে উঠে সরাসরি রাজশাহী চলে আসতেন। গতকাল ভাবিচা থেকে তিনি একটি নওগাঁর বাসে করে প্রথমে মান্দা উপজেলার ফেরিঘাটে আসেন। সেখান থেকে অন্য একটি বাসে রাজশাহী সীমান্তে আসেন। সেখানে আবার বাস বদল করে রাজশাহীর বাসে উঠেছেন।রাজশাহীর বাসন্তী পোদ্দার নওগাঁর বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেন। প্রতি সপ্তায় তাঁকে রাজশাহী আসতে হয়। গত বুধবার তিনি অসুস্থ বাচ্চাকে নিয়ে রাজশাহী আসছিলেন। তিনি বলেন, এর আগে নওগাঁ থেকে সরাসরি বাসে তিনি রাজশাহী আসতেন। এখন তাঁকে তিনবার বাস বদল করতে হচ্ছে। আর এমন এক জায়গায় সড়ক ভাগাভাগি করা হয়েছে, সেখানে না আছে বসার জায়গা, না আছে দাঁড়ানোর জায়গা। রাজশাহী সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান দাবি করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র যানজট কমাতে নওগাঁর গাড়ি নতুন বাস টার্মিনাল (শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে নওদাপাড়া এলাকা) থেকে চলাচল করার নিয়ম করে দিয়েছেন।কিন্তু নওগাঁ সড়ক পরিবহন সমিতি রাজশাহী শহরের পুরোনো বাস টার্মিনাল থেকে গাড়ি চালাবে বলে দাবি জানিয়েছে। এ নিয়ে দ্বন্দ্বের কারণে নওগাঁর গাড়ি রাজশাহীর সীমানার মধ্যে তাঁরা নিয়ে আসতে পারছেন না। আবার ওরাও রাজশাহীর বাস নওগাঁয় ঢুকতে দিচ্ছে না।নওগাঁ জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মাস খানেক আগে থেকে তাঁদের নতুন বাস টার্মিনাল থেকে গাড়ি ছাড়তে বলা হয়। কিন্তু নওগাঁর গাড়িগুলো সেখান থেকে চলাচল করলেও রাজশাহীর বাসগুলো এ আইন মানছে না। তাঁরা নতুন টার্মিনাল হয়ে পুরোনো টার্মিনালে যাত্রী নিয়ে যাচ্ছে। এ কারণে তাঁরা নওগাঁর গাড়ি নিয়ে রাজশাহীতে যাচ্ছেন না।