দুই সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় তিন নম্বর সংকেত
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। গতকাল শুক্রবার এই সংকেত জারি করা হয়।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালার কারণে বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দুই সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।