
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৭ জন। গতকাল শনিবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ঈশ্বর বাবুর হাট (বিশ্ব হাট) এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলের তৃণমূলের নেতা-কর্মীদের মতামত যাচাইয়ের জন্য সভা ডাকা হয়েছিল। ওই সভায় একটি পক্ষ দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (৪০), ধর্মপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন (৩৫), আবু তাহের (৫৪), মাহমুদ (৪৫), মো. ইছহাক (৫৫), মোহাম্মদ আলী (৪৫), মো. মহিউদ্দিন (৩৩), নাজিম উদ্দিন (২৫), আবু বক্কর (৫০), আবদুল কাদের (৪০), মো. আবদুল্লাহ (৪০), তারেকুল ইসলাম (২৩), আবু ছালেহ (৪৪), জাগির হোসেন (৩২), আকতার আহমদ (৪৮), নাছির উদ্দিন (৪৩) ও মো. ওসমান (৩৫)। আহত ব্যক্তিদের কেরানীহাটের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও চন্দনাইশের দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঈশ্বর বাবুর হাট এলাকায় তৃণমূল আওয়ামী লীগের সভা ছিল। সভাস্থলে সকাল নয়টা থেকে অবস্থান নেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন ওরফে হিরু ও তাঁর সমর্থকেরা। সকাল সাড়ে ১০টার দিকে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ইলিয়াছ চৌধুরী এবং তাঁর সমর্থকেরা সভাস্থলে যান। এ সময় গিয়াস উদ্দিনের সমর্থকেরা ইলিয়াছ চৌধুরীর সমর্থকের লক্ষ করে ইটপাটকেল ছুড়ে মারে। একপর্যায়ে দুই পক্ষই হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
মো. ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্বাচন উপলক্ষে তৃণমূলের সভায় শান্তিপূর্ণভাবে যোগ দিতে সমর্থকদের নিয়ে ঈশ্বর বাবুর হাট এলাকায় যান তিনি। সভাস্থলে আগে থেকে থাকা গিয়াস উদ্দিন ও তাঁর লোকজন তাঁদের ওপর ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।
তবে গিয়াস উদ্দিন মুঠোফোনে অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে ইলিয়াছ চৌধুরী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে জামায়াত ও বিএনপির ক্যাডারদের নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান।
ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের পরামর্শে নির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়ে তৃণমূলের সভা ডাকা হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী গিয়াস উদ্দিন ও তাঁর লোকজন মঞ্চ ও সভাস্থল দখলে নিয়ে ইলিয়াছ চৌধুরীর সমর্থক এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এতে তিনিসহ ১৬-১৭ জন আহত হন।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়।